29/07/2026
সম্পর্কের দায় টানতে টানতে তুমি ভীষণ ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন। “ ভালোবাসি ” বলে শুধু আমার সাথে কেন, নিজের সাথেও তো প্রতিনিয়ত মিথ্যাচার করেছো। এবার নিজেকে একটু বিশ্রাম দাও, সত্যিটা বলে নিজেকে দায়মুক্ত করো।
আমি জানি, আমার মতো অধম তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না৷ তবে যতটুকু মুখে বলেছো, ততটুকুই বা কম কিসের? সম্পর্কের দায় অনিচ্ছায় যতটুকু টেনে গেছো, অনাগ্রহে ঠিক ততটাই তুমি মুখ থুবড়ে পড়ে গেলে! এখন তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।
ভালোবেসে নিঃস্ব হওয়ার মাঝেও আত্মতৃপ্তি আছে। এই যে আমার নিজের বলতে কিছু নেই, সবকিছু তোমার ইশারায় চলে। তুমি কথা বললে ভালো থাকি, না বললে দম বন্ধ হয়ে আসে৷ তোমার সময় হলে, মন চাইলে তুমি কথা বলো, আমার অবসরে–প্রয়োজনে তুমি নাগালের বাইরে! আমার অনুভূতি সব তুমিই বশে নিয়েছো। এত ভারী অনুভূতি–অভিমান বহন করতে তোমার যে ভীষণ কষ্ট হয়, বুঝতে পারি৷ তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।
তুমি চাইলেই সব হয়, অথচ তুমিই চাওনা! তোমার চাওয়ার মাঝেও ক্লান্তির ছাপ! ভালোবেসে তোমায় নিয়েই সুখী হতে চেয়েছি। অথচ তুমি হাল ছেড়ে দাও অনায়াসে। তুমি জানো, আমার চাইতে ভালো কেউ তোমায় ভালোবাসবে৷ আর আমি জানি, তোমার চাইতে হাজার ভালো কেউ এলেও আমার মনে ধরবে না। উহু, মনে ধরবে না৷ তুমি ক্লান্ত, আমার মতো শুধু ভালোবাসা লোভী মানুষের অনুভূতির দায়ভার টানতেই তুমি ক্লান্ত!
আমি তোমার মতো করে ভাবতে পারি না। তোমার মতো করে অনাগ্রহে, অবহেলায় সবকিছু ভুলতে পারি না৷ পৃথিবীতে সবকিছু থাকার পরেও শুধু তুমি ছাড়া পুরোপুরি নিঃস্ব আমি! অথচ আমি ছাড়াও তোমার জীবন স্বাভাবিক গতিতেই চলমান। তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।
তুমি বিশ্রাম নাও, আর আমি শুধু ভালোবেসে নিঃস্ব হতে থাকি! ভালোবেসে পরিপূর্ণ হলে পৃথিবী বিশ্বাস করবে না, “ তোমাকে ভালোবাসার বিনিময়ে কি নিদারুণ বিরহ সংকটে ভুগে আজ নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! ”