27/09/2024
নো পারমিশন
স্বপন কুণ্ডু
তিলোত্তমা মৃত নয় জড় নয় জীবন্ত আগ্নেয়গিরি,
লক্ষ মানুষ মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে ছুটে আসছে
উদ্গীরিত লাভা শ্রোতের মতো।
প্রতিবাদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত,
লক্ষ কণ্ঠে শ্লোগান তুলেছে বিচার চাই।
পাইক ঢ্যাঁড়া পেটাচ্ছে নো পারমিশন।।
প্রতিবাদ করা যাবে না
শোক ভুলে আনন্দ করো
মা আসছেন মর্ত্তে।
ভয় পেয়েছে মহা্রানী
সিংহাসন দুলছে,
মর্ত্তের দুর্গার
শ্মশান শোকের আগুনে সিংহাসন জ্বলে যাওয়ার ভয়।
তাই বিচার চাওয়ার মিছিল!
নো পারমিশন।
আধিপত্য লুটিয়ে পড়ে ধূলায়
সন্দেহের দূরবীন দিয়ে ভীড় লক্ষ্য করে চিলেকোঠা থেকে,
ছুটে আসছে কারা!
এই বুঝি গদি চলে যায়!
ভয়ার্ত কন্ঠে আদেশের ছদ্মবেশে
পাইকের অস্ফুট হুকুম
নো পারমিশন।
স্বপন কুণ্ডু নদীয়া।