15/02/2025
✍️শেষ হয়ে হইল না শেষ...
ক'দিন আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৫, অর্থাৎ আমাদের বইয়ের উৎসব শেষ হল। আমি, যে একটু লেখালেখি করার চেষ্টা করি, তার কাছে বইমেলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। শেষ দিনটা ঠিক যেন মায়ের বিদায়বেলা, অর্থাৎ বই উৎসবের বিজয়া দশমী। বইমেলা আমার কাছে বইয়ের উৎসব। শুরুর কিছুদিন আগে থেকেই একটা উদ্বেগ আর উত্তেজনা জমাট বাঁধতে থাকে। আর উৎসবের দিনগুলোর হাজারো ব্যস্ততা কেমন যেন নিমেষে বাষ্প হয়ে গেল। কত স্টল, কত বই, কত বন্ধু, কত চেনা মানুষ, অচেনা মানুষ হারিয়ে গেল হঠাৎ করে। এদের ভীষণভাবে আগলে রাখতে ইচ্ছে করছে। মনকে কখনোই সান্ত্বনা দিতে পারছি না যে, কদিন আগেও বইমেলা ঘিরে যে উত্তেজনা, যে ব্যস্ততা সমস্ত প্রাঙ্গণ ঘিরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তা আর খুঁজে পাচ্ছি না। হৃদয় বড্ড ভারাক্রান্ত হয়ে উঠেছে।
কত অনুভূতি, কত অভিজ্ঞতা নতুন করে আমার ঝুলিতে ভরলাম। অনেকটা ভালোলাগা আর কিছুটা মন্দলাগাও মিশে রয়েছে আমার অভিজ্ঞতায়।
বইমেলায় নাচ, গান, কবিতা ও অন্যান্য চারুকলার মিশেলে এক অনন্য প্রাণবায়ু গ্রহণ করার সৌভাগ্য লাভ করলাম।
এক কবি বন্ধুর আন্তরিক আহ্বানে দুরু দুরু বুকে অংশগ্রহণ করলাম একটি কবিতা পাঠের অনুষ্ঠানে। আমার 'আবেশিত' কাব্যগ্রন্থ থেকে 'এক ফোঁটা জল' কবিতাটি পাঠ করলাম। বেশ প্রশংসাও পেলাম। আর তারপরেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার লেখা এবং পাঠ করা কবিতাটি তাঁদের সকলের মন ছুঁয়ে যাবে। আমি বিনত এবং কৃতজ্ঞ তাঁদের সকলের কাছে।
আবার ট্রাভেলস ফোরামের ক্যানভাসে আমার কবিতার কিছু অংশ লিখে ফেললাম। কি ভালই না লাগছিল তখন। একটা আনকোরা অনুভূতি।
আবার কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে থাকলাম। যেমন, বইমেলায় যেখানে নেশার বস্তু সেবন করা নিষিদ্ধ সেখানেও বইমেলা -অংশগ্রহণকারীর স্টলে বসেই মাদক সেবন এক্কেবারেই ধিক্কারজনক। প্রকাশক এবং লেখকের মধ্যে উচ্চস্বরে বাক-বিতণ্ডা এবং তা পরবর্তীতে চরম খিস্তি খামারির অনুনাদ। আবার তিলোত্তমার বিচার চাই... বিচার চাই… বলে হঠাৎ করে চিৎকার করে উথলে ওঠা আদিখ্যেতায় একদল মানুষের লোক দেখানো ফুটেজ খাওয়া এবং তা নিয়ে রীতিমতো ব্যবসা করে তাদের নিজস্ব অর্থনীতি বারবাড়ন্ত করে ফেলা, সবই চাক্ষুষ করলাম। এই বিচারের গল্পটা সঠিক স্থান এবং পাত্রে করলে হয়তো ভালো হয়। তবে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা জোরদার হওয়া দরকার এবং তা নিরপেক্ষভাবে হওয়া দরকার। অপরাধ এবং অপরাধকারীর/ অপরাধকারীনির কোন নাম, গোত্র, লিঙ্গ, ধর্ম ইত্যাদি কিছুই হয় না।
অনেকটা ভালোলাগার অনুভূতিতে মিশে আছে কিছু চেনা মানুষের আরও গভীর ছোঁয়া। কিছু অচেনা মানুষ চেনা হয়ে গেলেন। তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ে বন্ধুত্বের প্রথম অধ্যায়ের সূচনা হল।
একজন লেখক হিসেবে বইমেলায় যখন আমার প্রথম প্রকাশিত বই নিয়ে যে সম্মানীয় প্রকাশক বন্ধুদের কাছে যাই, এবারেও তাদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করি। তারা হাসি মাখা মুখে ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন। অনেক গুণী এবং প্রণম্য ব্যক্তিদের সান্নিধ্য লাভ করি এবং ঋদ্ধ হই। তাদের সকলকে আমার বিনম্র প্রণাম 🙏।
এবারে বইমেলায় প্রকাশক, অন্যান্য লেখক বন্ধু, শিল্পী বন্ধু, পাঠক বন্ধু, অভিভাবকদের কাছে যে স্নেহ ভালবাসা এবং সম্মান পেয়েছি তা অনির্বচনীয়🙂। সকলকে আমার প্রাণখোলা শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা🙏।
এই ভারাক্রান্ত মন নিয়ে এক বছরের অপেক্ষা আর একটা বইমেলার...🥹
#সুজয়_বিশ্বাস