01/10/2024
সকল মানবতাবাদী বন্ধুদের আহ্বান
সঙ্গে করে আপনার হাতে বানানো পোস্টার নিয়ে আসুন। বিচার না পাওয়া পর্যন্ত এই প্রদর্শনী চলবে এবং নতুন নতুন পোস্টার প্রদর্শিত হবে।
এই আমাদের প্রতিবাদের ভাষা,
আমাদের সংগ্রামের হাতিয়ার।
তিলোত্তমার বিচারের দাবিতে মহালয়া'র দিন থেকে শুরু পোস্টার প্রদর্শনী "এত বিদ্রোহ কখনও দেখেনি কেউ"
'এখন মেয়েরা সামনে,
মিছিলে, খবরে, লেখায়, কথায়।।
এখন মেয়েরা এগিয়ে,
স্লোগানে, আলোচনায়, ভাবনায়।
এখন মেয়েরা মুখোমুখি,
ক্ষমতায়, আধিপত্যের, পুরুষ ভাবনায়।
এখন মেয়েরা প্রতিবাদে,
রাস্তায়, কাজের জায়গায়, মননে,
কবিতায়, গানে, আঁকায়, পোস্টারে।
এখন মেয়েরা তখন-ও হতে চাইছে,
এখন মেয়েরা আজ-কে বাড়িয়ে নিয়ে
চিরকাল করতে চাইছে।
আমরাও চাইছি।'
তিলোত্তমা---
তোমার জন্য
আমাদের স্পর্ধা ফিরেছে
সাহস জেগেছে
বিনয় দূর হয়েছে।
মানুষ পথে নেমেছে, নামছে। রাত দখল করেছে, করছে । সব বয়সের, লিঙ্গের, পেশার মানুষ এক হয়ে মিছিল করেছে, করছে, মানববন্ধন করেছে, করছে কেবল একটাই দাবীতে।
‘তিলোত্তমার বিচার চাই’।
যেখানে কোনও রাজনৈতিক দলের পতাকা নেই, সামনের সারিতে কোনও বিশিষ্টজন নেই। সেখানে কেবল মানুষ, মানবতাবাদের লড়াইয়ে শামিল নির্ভীক লক্ষ লক্ষ জনগণ আর তাঁদের প্রতিবাদী কন্ঠস্বর।
মেয়েটি প্রাণ দিলো দুর্নীতির বিরোধিতা করবার জন্য। মেয়েটি মেয়ে বলে নয়। পুরুষের লালসার জন্যে নয়। অসামান্য সাহসী তিলোত্তমার নির্মম হত্যা, সেই হত্যার প্রমাণ লোপাট, ভয় দেখানোর সংস্কৃতি, এই সব কিছুর বিরুদ্ধে শিরদাঁড়া সোজা লক্ষ লক্ষ মানুষ রাজপথগুলিকে মুহূর্তে পরিনত করলো জনপথে। কোনও ভাতা কিংবা অনুদানের তোয়াক্কা না করে তিলোত্তমা-হত্যার প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন ছাত্র সমাজের লড়াইয়ের মশাল হয়ে ছড়িয়ে পড়লো বাংলা, ভারত তথা বিশ্বের অঙ্গনে সব মানবতাবাদী মানুষের হাতে হাতে।
এই বিদ্রোহকে কেন্দ্র করে কাগজে, ক্যানভাসে, দেওয়ালে, রাস্তায় লেখা হচ্ছে স্লোগান, আঁকা হচ্ছে ছবি আর গাওয়া হচ্ছে গান।
জীবনস্মৃতি আর্কাইভ এবং পোস্টার ওয়ার্কশপের যৌথ উদ্যোগে হাতে আঁকা ২৭টি পোস্টার যা এই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, সেগুলি সংগ্রহ করে তিলোত্তমার বিচারের দাবীতে মহালয়া'র দিন ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর ২০২৪ প্রতিদিন বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত "এত বিদ্রোহ কখনও দেখেনি কেউ" শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর কিউরেটার অরিন্দম সাহা সরদার। মহালয়া'র দিন বিকেল ৫.৩০টায় এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মীরাতুন নাহার, অনীতা মিত্র, হিরণ মিত্র, শুভেন্দু দাশগুপ্ত এবং প্রবালচন্দ্র বড়াল। সঙ্গে জীবনস্মৃতি-র সাথিদের নিবেদনে থাকবে মন্ত্রপাঠ, এস্রাজ, গান, কবিতা এবং নাটিকা।
এই উদ্যোগে সকল মানবতাবাদী বন্ধুদের আহ্বান জানানো হচ্ছে A3 সাইজের হাতে বানানো পোস্টার নিয়ে আসার জন্য । তিলোত্তমা বিচার না পাওয়া পর্যন্ত এই প্রদর্শনী চলবে এবং নতুন নতুন পোস্টার প্রদর্শিত হবে।
এই আমাদের প্রতিবাদের ভাষা,
আমাদের সংগ্রামের হাতিয়ার,
আমাদের অঙ্গীকার।