অন্বেষার ক্যানভাস

অন্বেষার ক্যানভাস শব্দের ফ্রেমে জীবনবোধের কিছুটা,
জমিয়ে রাখার একটা নিজের জগৎ।
ভাবনারা যেখানে মুক্তভাবে ডানা মেলে ওড়ে—
অন্বেষার ক্যানভাসে।"

03/08/2026

ধর্মের "ধ"জানে না যারা, তারাই আজ ধর্মের ধ্বজাধারী,
নাম যাই হোক—সবুজ-লাল কিংবা গেরুয়াধারী,
ধর্ম আজ শুধুই সুবিধাবাদীদের সহজলভ্য সিঁড়ি।

02/08/2026

বাসাহীন আমি

— অন্বেষা

বাসাহীন আমি—
একটা আশ্রয় দরকার।

মুক্তচিন্তার মানুষ আমি,
আমার লেখার স্বাধীনতা দরকার।

আমি বিপ্লবী—
নারীর সমতার পক্ষে;
আমার কথা শোনা দরকার।

আমি স্বাধীন,
আমি প্রগতিশীল—
আমার বেঁচে থাকা দরকার।

আমি তো মানবদরদী;
আমার পাশে
তোমাদের দাঁড়ানো দরকার।

ওরা সবাই অনুপ্রবেশকারী—
ওদের কাগজ নেই।

আমার আছে মুক্তচিন্তা,
আছে মৌলবাদের বিরুদ্ধে বলার সাহস—
যে মৌলবাদকে
খুব কাছ থেকে দেখেছি,
অনুভব করেছি।

আমি তো মানবদরদী—
তবু অদ্ভুতভাবে
আমার প্রতিবাদ একপেশে।
নিজের ক্ষতগুলো
দেখি অনুবীক্ষণে;
অন্যের ক্ষত
ঢেকে যায়
রঙিন চশমার আড়ালে।

জিহাদের অর্থ
আজও পুরো বোঝা হয়ে ওঠেনি;
তবু শব্দটিকেই
ভয়ের প্রতীকে গড়ে তুলতে
আমার দ্বিধা নেই।

আমি বলি—
আমি শুধু মানবদরদী,
আমি শুধু নারীর স্বাধীনতা চাই,
আমার লেখার মুক্ত আকাশ চাই।

আমি আমার মতো লিখে যাব,
তুমি ছড়িয়ে দেবে—
ঠিক যেমন
একটি স্ফুলিঙ্গ থেকে
দাবানল ছড়িয়ে পড়ে।

তারপরও
আমি শুধু
একটা আশ্রয়ই চাই।

দেবে না আমায়
একটা ছোট ঘর?

23/05/2026

যুগে যুগে নারী
অন্বেষা

যুগে যুগে নারীর মর্যাদা
যাদের হাতে হয়েছে ধূলিসাৎ,
তারা কি সত্যিই মানুষ?
কে বলবে—তাদের আছে কি কোনো জাত?
নারী, তুমি হিমালয়ের মতো অটল,
আবার নরম দূর্বাঘাসের গালিচা।
কখনো সমুদ্রের মতো উত্তাল,
কখনো নদীর মতো শান্ত।
তবুও তোমার সাহস দমাতে
লুণ্ঠন করেছে তোমার সম্মান
রক্তখেকো পিশাচের দল।
কখনো তোমার সৌন্দর্যই হয়েছে তোমার কাল,
কখনো তুমি হয়েছ হিংসার নির্মম বলি।
তবুও থামেনি তোমার এগিয়ে চলা,
সব হারিয়েও, হয়নি যেন কিছু বলা।
কখনো তোমার চরণ জ্বলেছে
জ্বলন্ত অঙ্গারে,
কখনো দগদগে হয়েছে তোমার বক্ষ
জ্বলন্ত শলাকায়।
তবুও তুমি থেমে থাকোনি।
অশ্রু জমে হয়েছে বরফ
তোমার বুকের ভেতর,
তবুও তুমি এগিয়ে গেছ
অবিরাম, অকুতোভয়—
বীরঙ্গনার মতো।
ইতিহাস সাক্ষী—
তুমি শুধু সহিষ্ণু নও,
নও কোনো খেলনা পুতুল।
তুমি কাঁচের টুকরোর মতো ধারালো,
হীরের মতোই দামী ও অমূল্য।
তুমিই শক্তি, তুমিই সৃষ্টি,
তুমিই জীবনের আদিম আলো।
যুগে যুগে ইতিহাসের বুকে
খোদিত আছে তোমার
দুর্বার জয়ের কাহিনি।

অন্বেষা # #জীবনবোধ # #নারী শক্তি # # #

14/05/2026
11/05/2026

অদৃশ্য সঞ্চয়
❤️❤️❤️❤️❤️❤️❤️
১১/০৫/২০২৬

শহরের প্রাণকেন্দ্রে এক বিশাল গোডাউন। একদিন এক নামী কোম্পানি সেখানে এক অদ্ভুত বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপনে বলা হলো— সেই গোডাউনের ভেতর রাশি রাশি টাকা, সোনাদানা আর হীরে-জহরত রাখা আছে। যে কেউ সেখানে ঢুকতে পারবে এবং ইচ্ছেমতো সম্পদ সংগ্রহ করতে পারবে।

​তবে শর্ত দুটি:
১. সংগৃহীত কোনো সম্পদই নিজের প্রয়োজনে খরচ করা যাবে না।
2.
২. ভেতরে থাকার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই; যেকোনো মুহূর্তে সমাপ্তির ঘণ্টা বাজতে পারে।
3.
​কৌতূহলী মানুষের ভিড় জমে গেল। দরজা খুলতেই সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকল। কিন্তু ভেতরে গিয়ে মানুষের মানসিকতা তিন ভাগে ভাগ হয়ে গেল।

​প্রথম দল: এরা ঢুকেই কাজে লেগে পড়ল। হাড়ভাঙা খাটুনি খেটে তারা দু-হাত ভরে বস্তায় সম্পদ ভরতে শুরু করল। তাদের মনে একটাই চিন্তা ছিল— "আমি নিজের জন্য খরচ করতে না পারি, আমার এই পরিশ্রমে অন্য কেউ তো উপকৃত হবে! জগতের কারোর তো কাজে লাগবে।" এই ভেবে তারা ঘাম ঝরিয়ে সম্পদ স্তূপ করতে লাগল।

​দ্বিতীয় দল: এরা ছিল কিছুটা অলস আর হিসেবি। তারা ভাবল, "আগে ঘুরে দেখি কোথায় কী আছে। আর যেহেতু নিজের ভোগে আসবে না, তাই শরীরটা এত কষ্ট দিয়ে লাভ কী?" তারা নামমাত্র কিছু জিনিস ব্যাগে ভরে বাকি সময়টা হেলেদুলে ঘুরে বেড়াল।

​তৃতীয় দল: এরা একেবারেই উদাসীন। তাদের কাছে সম্পদের চেয়ে আড্ডার দাম বেশি। তারা ভাবল, "এত বড় জায়গা, কত নতুন নতুন মানুষ! তাদের সাথে একটু আলাপ-পরিচয় করি। নিজের জন্য যখন কিছুই পাব না, তখন এই বোঝা বয়ে কী হবে?" তারা শুধু হাই-হ্যালো আর গল্পগুজব করে সময় কাটিয়ে দিল।

​হঠাৎ করেই গোডাউনের সেই রহস্যময় ঘণ্টাটি বেজে উঠল। সময় শেষ! সবাইকে বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। কোম্পানি থেকে তিন দলের মানুষের কাছে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হলো।

​প্রথম দল বলল: "আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। আমাদের বিশ্বাস, আমরা না পারলেও আমাদের এই সংগ্রহ অন্য কারোর মুখে হাসি ফোটাবে। এতেই আমাদের তৃপ্তি।"

​দ্বিতীয় দল বলল: "আমরা শুধু শুধু কেন খাটব? নিজের কাজে তো লাগবে না, তাই অল্প কিছু নিয়েছি আর বাকি সময়টা জিরিয়ে নিয়েছি।"

​তৃতীয় দল হাসতে হাসতে বলল: "আমরা তো কিছুই নিইনি! মানুষের সাথে পরিচয় করতে করতেই সময় চলে গেল। তবে আড্ডা দিয়ে খুব এনজয় করেছি।"

​সবাই যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মঞ্চে এলেন কোম্পানির কর্ণধার। তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন:
"শুনুন সবাই! আপনাদের সংগৃহীত সম্পদ আপনারা নিজেরা খরচ করতে পারবেন না—এই শর্তটি ছিল আপনাদের মন পরীক্ষা করার জন্য। আজ যে যা সংগ্রহ করেছেন, তার ঠিক দ্বিগুণ পরিমাণ সম্পদ আপনাদের ব্যক্তিগত পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। এই সম্পদ এখন সম্পূর্ণ আপনাদের!"

​মুহূর্তেই চারদিকে পিনপতন নীরবতা নেমে এল। প্রথম দলের মানুষেরা আনন্দে কেঁদে ফেলল; তাদের নিঃস্বার্থ শ্রম আজ তাদের জীবন বদলে দিয়েছে। দ্বিতীয় দল নিজেদের কপাল চাপড়াতে লাগল—কেন তারা আলসেমি করেছিল! আর তৃতীয় দল? তারা শুধু শূন্য হাতে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল।

​উপসংহার: জীবন অনেকটা এই গোডাউনের মতোই। আমরা ভাবি অন্যের জন্য কাজ করে বা পরোপকার করে কী লাভ? কিন্তু দিনশেষে প্রকৃতির নিয়ম অনুযায়ী, আমাদের প্রতিটি নিঃস্বার্থ কর্মই বহুগুণ হয়ে আমাদের কাছেই ফিরে আসে।

অন্বেষার ক্যানভাস #জীবনবোধ #অদৃশ্য সঞ্চয় #

11/05/2026

্সমস্ত সফলতার চাবি কাঠি "কেন"
১১/০৫/২০২৬
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
একবার একজন অত্যন্ত সফল ব্যক্তির সাক্ষাৎকার নিতে এলেন কয়েকজন তরুণ সাংবাদিক। সফল ব্যক্তিটি তাঁদের আগেভাগেই একটি শর্ত দিলেন। তিনি শান্ত গলায় বললেন, "আমার হাতে সময় খুব কম। আপনারা আমাকে মাত্র তিনটি প্রশ্ন করতে পারবেন, তার বেশি নয়।"

​সাংবাদিকরা রাজি হলেন। শুরু হলো সাক্ষাৎকার।

​প্রথম প্রশ্ন: সাংবাদিকরা সরাসরি জানতে চাইলেন, "আপনার এই আকাশচুম্বী সাফল্যের পেছনে আসল রহস্যটা কী?"

​সফল ব্যক্তিটি একটু হাসলেন। তারপর কেবল একটি শব্দ উচ্চারণ করলেন— "Why" (কেন)। উত্তর দিয়ে তিনি চুপ করে রইলেন।

​দ্বিতীয় প্রশ্ন: তাঁর রহস্যময় সংক্ষিপ্ত উত্তর শুনে সাংবাদিকরা কিছুটা অবাক হলেন। তাঁরা জিজ্ঞেস করলেন, "আপনি সবসময় এমন সংক্ষিপ্ত আর অদ্ভুতভাবে কথা বলেন কেন? এর পেছনে কারণ কী?"

​সফল ব্যক্তিটি আবার মৃদু হাসলেন এবং বললেন— "How" (কিভাবে)। এবারও তিনি আর কোনো ব্যাখ্যা দিলেন না।

​তৃতীয় প্রশ্ন: শেষ প্রশ্ন করার পালা। একটু বিরক্ত হয়েই সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, "আপনি এই যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন, এর থেকে আসলে আপনি কী পান?"

​সফল ব্যক্তিটি এবার প্রাণখোলা হাসি হাসলেন এবং বললেন— "What" (কী)।
​সাক্ষাৎকার শেষ হলো।

সাংবাদিকরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপলব্ধি করলেন, সেই ব্যক্তিটি কথার মারপ্যাঁচে নয়, বরং জীবনের তিনটি মূল স্তম্ভ— Why, How এবং What-এর মাধ্যমেই তাঁর পুরো জীবনদর্শন বুঝিয়ে দিয়েছেন।

​গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি কিন্তু খুব সহজেই মানুষকে মনে করিয়ে দেয় যে, জীবনের গভীর কথাগুলো বেশি শব্দে নয়, বরং সঠিক উপলব্ধিতেই লুকিয়ে থাকে।

অন্বেষা #জীবনবোধ #সমস্ত সফলতার চাবি কাঠি কেন #

08/05/2026

আবদার
অন্বেষা
০৮/০৫/২০২৬

এক মুঠো ভালোবাসার বিনিময়ে
আমার আকাশের যত ভার তোমায় দিয়েছি,
রেখো তাকে যতনে
ভালোবাসার গগনে—
আমি তো শুধু একমুঠো ভালোবাসাই চেয়েছি।
ওই আকাশে মেঘ যদি জমে,
মনখারাপের নীরব ঢেউ
আছড়ে পড়ে মনের কোণে,
হোক সে আকাশ শরতের—
থাকবে না ভয়
কোনো অজানা মেঘের।

08/05/2026

লবণ
অন্বেষা
০৮/০৫/২০২৬

চেয়েছিলাম একফালি আকাশ—
শুধু নাম লেখার মতো,
তুমি দিলে কয়েকখণ্ড মেঘ,
আর আমি মেঘের ভেলায় হারিয়ে গেলাম,
প্রাপ্তির আনন্দে।
তারপর—
অনুভব করলাম,
চারিপাশে শুধু অশান্ত জলরাশির কম্পন।
চোখ মেলে দেখি,
লক্ষ যোজন দূরে থেকেও
মনে হয়—
নীরব, স্থির চাহনী
তোমার দিকেই থেকে গেছে,
মাঝে শুধু শূন্যতা আর নীরবতা।
এখন আমি সাগরের বুকে
হারিয়ে যাওয়া জলবিন্দু।
ভয় হয়—
কখন না জানি
বাষ্পাকারে আকাশে মিলিয়ে গিয়ে
আবার তোমার সাথেই দেখা হয়ে যায়।
তাই আজ—
শুধু লবণ হওয়ার অপেক্ষায়.....

07/05/2026

এক ফালি আকাশ
কলমে :অন্বেষা
০৯/০৫/২০২৬

​তুমি দেবে কি আমায়
এক ফালি নির্মল আকাশ?
শুধু নামটা লেখার মতো,
তুমি হবে সেই আকাশের উজ্জ্বল আলো
যে আলোর স্রোতে ভেসে যাবো আমি।
দেবে কি তুমি আমায়
এক ফালি আকাশ?
​তুমি কি আমায় এক ঠোঙা
জুঁই ফুল দেবে?
যে ফুলের মালা গেঁথে
খোঁপাটা সাজিয়ে নেব,
তারপর...
​দখিনা হাওয়ার পরশে
তোমার উপহারের সুবাসে
ভিজে যাবে চারিপাশ—
পাহাড়ী মেঘের মতো।
নিঝুম রাতের নীরবতায়
তুমি জেগে থাকবে
আমার আকাশের শেষ ধ্রুবতারা হয়ে।

খুব কাছের স্পেশাল একজনের অনুপ্রেরণায় লিখেছিলাম,আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি ওর কাছে।
03/05/2026

খুব কাছের স্পেশাল একজনের অনুপ্রেরণায় লিখেছিলাম,
আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি ওর কাছে।

Address

Berhampore/Jalangi Road
Berhampore
742102

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্বেষার ক্যানভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category