03/06/2026
জোতার জন্য বিশ্বকাপ জয়ে প্রতিজ্ঞাবদ্ধ পর্তুগাল
১৯৬৬ সালে নিজেদের অভিষেক বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করেছিল পর্তুগাল। পরবর্তীতে আরও আটবার বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সুযোগ মেললেও অতীতের রেকর্ড ছাড়াতে পারেনি তারা। এবার একটি বিশেষ কারণে বিশ্বকাপ জয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ পর্তুগিজরা।
প্রয়াত দিয়েগো জোতার জন্যই ২০২৬ সালের বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল। তারই সতীর্থ রুবেন নেভস জানিয়েছেন, জোতার প্রেরণাকেই বিশ্বকাপ জয়ের প্রতিজ্ঞা করছেন তারা।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে নেভস বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এবং সবসময় একই কথা বলি। মাঝে মাঝে বাড়তি শক্তি পাওয়ার জন্য কোনো কিছু আঁকড়ে ধরার প্রয়োজন হয়। এটি এমনই একটি ব্যাপার হবে, যা নির্দিষ্ট মুহূর্তে আমাদের বাড়তি শক্তি জোগাবে এবং আমরা যেখানে যেতে চাই, সেখানে পৌঁছাতে সাহায্য করবে।’
আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের পাশাপাশি ২৩তম বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে পর্তুগালকে। ইতিহাসে একবারই তৃতীয়স্থানে পৌছানো পর্তুগিজরা এবার কোথায় নিজেদের দেখতে চায়। এ নিয়ে সরাসরি উত্তর নেভসের, ‘আমাদের লক্ষ্য ফাইনালে পৌঁছানো, জয়লাভ করা এবং বিশ্বকাপ (ট্রফি) হাতে নিয়ে ফেরা। ব্যক্তিগত কোনো লক্ষ্য বেছে নেওয়া কঠিন, কারণ দল হিসেবে কী অর্জন করতে পারি, সেদিকেই আমাদের সব মনোযোগ।’
বড় মঞ্চের যে ওজন এবং প্রত্যাশার যে চাপ, সেসবকেও খুব বড় প্রতিবন্ধকতা মনে করেন না আল হিলালের এই ডিফেন্সিভ মিডফিল্ডার, ‘আমাদের জাতীয় দলের সব ফুটবলারই এই ধরনের চাপে অভ্যস্ত। সম্প্রতি আমাদের চারজন ফুটবলার (নুনো মেন্দেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস এবং গনসালো রামোস) দ্বিতীয়বারের মতো (পিএসজির হয়ে) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আমরা তরুণ দল, কিন্তু অনেক অভিজ্ঞ দল।’