07/11/2025
প্রিয় দর্শক,
আজ শুক্রবার রাত ৯টায় প্রচারিত হওয়ার কথা ছিল আমাদের নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠান “আমাকেও গুনতে হবে”–এর অষ্টম পর্ব। কিন্তু যে মানুষগুলোর জন্য আমরা এই অনুষ্ঠানটি নির্মাণ করি, প্রচার করি, সেই প্রতিবন্ধী মানুষ আজ চাকরির প্রত্যাশায় রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন।
তাদের দাবি খুব সাধারণ — যোগ্যতা অনুযায়ী উপযুক্ত একটি চাকরি।
প্রতিবন্ধী মানুষের জন্য উপযোগী চাকরির ক্ষেত্র তৈরি করা, প্রতিবন্ধীবান্ধব নিয়োগ পরীক্ষা গ্রহণ করা এবং যেখানে তারা কাজ করতে পারেন, সেসব জায়গায় তাদের নিয়োগ দেওয়া—এই কয়েকটি বিষয় নিয়ে তারা আন্দোলন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহু প্রতিবন্ধী শিক্ষার্থী কঠিন পরিস্থিতি, প্রতিকূলতা আর সীমাবদ্ধতা সত্ত্বেও পড়াশোনা শেষ করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন। অথচ নিয়োগ পরীক্ষাগুলো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়—তাই তারা উত্তীর্ণ হতে পারছেন না। আবার, যেসব জায়গায় তারা সহজে কাজ করতে পারেন, সেসব জায়গায়ও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
আমরা দেখছি—চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা ও ব্যবস্থা রাখা হয়। কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য কোটা থাকা সত্ত্বেও উপযুক্ত পরীক্ষাব্যবস্থা না থাকায় তারা চাকরি পেতে পারছেন না।
দর্শক, বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের সংখ্যা খুব বেশি নয়, আর প্রতিবছর শিক্ষিত প্রতিবন্ধী বেকার মানুষের সংখ্যাও সীমিত।
তবুও তারা আজ রাস্তায়—শুধু ন্যায্য অধিকার ও সম্মানের জন্য।
আমরা মিডিয়াকর্মী, সাংবাদিক ভাইয়েরা, এবং যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি—দয়া করে তাদের পাশে দাঁড়ান, তাদের কণ্ঠ শুনুন।
রাষ্ট্র ও সরকারকে অনুরোধ করছি—
👉 প্রতিবন্ধী মানুষের জন্য উপযুক্ত নিয়োগ পরীক্ষা ও কর্মক্ষেত্র তৈরি করুন,
👉 যেসব জায়গায় তারা কাজ করতে সক্ষম, সেখানে নিয়োগের সুযোগ দিন।
তাহলেই সমাজে সত্যিকারের সমতা ও অন্তর্ভুক্তি প্রতিষ্ঠা পাবে।
– স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট
সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়