28/04/2025
রাবি ক্যাম্পাস থেকে সাহেব বাজার (কিছুটা গলির ভেতর) আসব । আমি তাকে বললাম, যাবেন? ছেলেটি, হ্যাঁ-সূচক মাথা নাড়ল। আর জানাল, ' আমি তেমন রাস্তা চিনি না, আমাকে বইলা দিয়েন। ' আমি আচ্ছা বলে, ভাড়ার কথা জিজ্ঞাসা করলাম! উত্তর দিল, 'ভাড়াও জানি না, যে ভাড়া দেন, আমাকেও তাই দিয়েন।' তাকে জিজ্ঞেস করলাম, ' তুমি কি শহরে নতুন?' সে বলল, ' তেমন নতুন না, দুই বছর হয়ে গেল।' বললাম, 'তাহলে শহরের মধ্যের অলিগলি তো চেনার কথা।' কিছুক্ষণ চুপ থাকার পর বলল,' আমি তো পড়ালেখা করি, তার পাশাপাশি রিক্সা চালাই।' বললাম,' কোথায় পড়ো?' সে বলল, ' রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ২২-২৩ সেশন। আমি একটু চমকে গেলাম। সাবজেক্ট এর কথা জিজ্ঞাসা করলাম। সিওর হওয়ার জন্য ওই বিভাগের কয়েকজন শিক্ষক আমার পরিচিত হওয়ায়, তাঁদের সম্পর্কে জানতে চাইলাম। সে অনেক কিছু জানাল। একজন শিক্ষকের নাম মনে করতে পারছিলাম না, বর্ণনা শুনে সে নিজেই নামটি জানাল। আমি নিশ্চিত হলাম, সে রাবির স্টুডেন্ট।
আমি যখন তার রিক্সায় চড়ি, তখন সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে। তার মানে যে ক্যাম্পাসে সে পড়ে, সেখানে তার সহপাঠী, সিনিয়র, জুনিয়র , শিক্ষক সবাই আছেন। অথচ এসব লোকলজ্জা, লোকভয়কে তোয়াক্কা না করে ফাঁকা সময়ে কাজ বেছে নিয়েছে জীবন-জীবিকার জন্য। কাজের চেয়ে সুন্দর আর কী বা হতে পারে! বিদেশে পড়ালেখা করতে গেলে তখন অনেক শিক্ষার্থী টুকটাক কাজ করেন কিন্তু আমার দেশে সে সংস্কৃতি গড়ে উঠেনি।
আমি জিজ্ঞেস করলাম,' টিউশনি পাওনা?' সে বলল, 'অনেক চেষ্টা করেছি কিন্তু জুটেনি, রিক্সা চালাতে অনেক সময় চলে যায়, পড়ালেখার ক্ষতি হচ্ছে খুব, কিন্তু উপায় নেই।' আমি বললাম, 'কী পড়াতে পারবে? ' সে বলল, 'ক্লাস থ্রি থেকে এইচএসসি পর্যন্ত ইংরেজি পড়াতে পারব।' আমি তার ফোন নম্বর নিয়ে এসেছি।
আমার ফ্রেন্ড লিস্টে রাজশাহীর স্থানীয় অনেক মানুষ যুক্ত আছেন। আপনাদের বাচ্চাদের জন্য শিক্ষক প্রয়োজন। ছেলেটিকে শিক্ষক হিসেবে নিন, আমি জানি সে সোনার ছেলে, সর্বোচ্চটুকু দিয়ে ভালো পড়াবে। সৎ পরিশ্রমী মানুষের চেয়ে সুন্দর, পৃথিবীতে আর দ্বিতীয় কিছু হয় না।
তার বাবলি দোলানো চুল দেখে, শামসুর রাহমানের কবিতার লাইন মনে পড়ল,'
স্বাধীনতা তুমি কাজী নজরুল,
ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা'।
মধ্য দুপুর। ভীষণ রোদ। ভেজা পিঠ। আমি সূর্যকে বললাম, 'তুমি তার জন্য ছাতা হইয়ো...'
© হাসিব রনি