21/07/2026
আজ মহাকবি’র ৭৫তম মৃত্যুবার্ষিকী।
মহাকবি কায়কোবাদ
(২৫ শে ফেব্রুয়ারি, ১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১)
মহাকবি কায়কোবাদ, বাংলা মুসলিম সাহিত্যধারার এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকবি কায়কোবাদ এমন এক কবির নাম, যিনি মুসলিম ঐতিহ্য, ইতিহাস, দেশপ্রেম এবং মানবিক চেতনাকে কাব্যের ভাষায় অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী আমাদের শুধু একজন কবিকে স্মরণ করার দিন নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নতুন করে উপলব্ধি করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী । কাব্যের আদর্শ ও প্রেরণায় তিনিই আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্য ‘মহাশ্মশা ‘ (১৯০৪) বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাব্য। পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত এই কাব্যে তিনি বীরত্ব, আত্মত্যাগ, ইতিহাসবোধ এবং জাতীয় চেতনার এক অসাধারণ শিল্পরূপ নির্মাণ করেছেন। এছাড়াও বিরহ বিলাপ (১৮৭০-প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬), শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩), শ্মশানভষ্ম (১৯২৪), মহররম শরীফ (১৯৩৩-মহাকাব্যোচিত বিপুল আয়তনের কাহিনী কাব্য), শ্মশান ভসন (১৯৩৮), প্রেমের বাণী (১৯৭০), প্রেম পারিজাত (১৯৭০), মন্দাকিনী ধারা (১৯৭১) ও গওস পাকের প্রেমের কুঞ্জ (১৯৭৯) তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যা তাঁর কাব্যপ্রতিভার বহুমাত্রিক পরিচয় বহন করে।
তাঁর কবিতার ভাষা ছিল সহজ, আবেগময়, অলংকারসমৃদ্ধ, গাম্ভীর্যপূর্ণ ও মহাকাব্যিক। তাঁর শব্দ চয়ন বাংলা কাব্যের ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত। দীর্ঘ উপমা, অনুপ্রাস, রূপক এবং বাগ্মিতাপূর্ণ বাক্য, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মানবিক অনুভূতি তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য মানুষের মননকে জাগ্রত করে এবং জাতিকে আত্মপরিচয়ের পথে এগিয়ে নেয়।
আধুনিক পাঠকের কাছে এই ভাষা অনেক সময় অতিরিক্ত ভারী ও অলংকারনির্ভর মনে হতে পারে। যেখানে প্রায় সমসাময়িক রবীন্দ্রনাথ ঠাকুর ভাষাকে অধিকতর স্বাভাবিক ও সংগীতময় করেছেন, আর কাজী নজরুল ইসলাম ভাষায় বিপ্লবী প্রাণশক্তি এনেছেন, সেখানে কায়কোবাদ অনেকাংশে উনিশ শতকের মহাকাব্যিক ভাষার মধ্যেই অবস্থান করেছেন। ফলে তাঁর কাব্য নতুন যুগের কাব্যরীতির সঙ্গে পুরোপুরি খাপ খায়নি। ফলে তিনি অনেকটা ব্রাত্য আবার মুসলিম মানসের হওয়ায় অনেকটা অপঠিতের কাতারে চলে গেছেন- আফসোস!
আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর সূচনাকাল ছিল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের যুগ। এই সময়ে বাংলা ভাষায় মুসলিম সমাজের সাহিত্যচর্চা নতুন গতি লাভ করে। এ ধারার অন্যতম প্রধান কবি মহাকবি কায়কোবাদ। তিনি শুধু কবি নন, বরং বাংলা মুসলিম সাহিত্যধারার নবজাগরণের এক গুরুত্বপূর্ণ নির্মাতা। তাঁর কাব্যে ইতিহাস, ধর্মীয় চেতনা, জাতিসত্তা, মানবতাবোধ এবং নন্দনতত্ত্বের এক অনন্য সমন্বয় লক্ষ করা যায়। তাঁর কাব্যে মুসলিম বীরত্ব, অতীত ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের পুনরাবিষ্কার ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে এই প্রয়াস ছিল আত্মমর্যাদা পুনর্গঠনের সাংস্কৃতিক আন্দোলনের অংশ।
কায়কোবাদ তাঁর জীবদ্দশায় ব্যাপক সম্মান অর্জন করেন এবং বাংলা সাহিত্যে 'মহাকবি' হিসেবে স্বীকৃতি লাভ করেন। যদিও আধুনিক বাংলা কবিতার আবির্ভাবে তাঁর কাব্য কিছুটা আড়ালে পড়ে যায়, তবুও বাংলা মহাকাব্যের ইতিহাস, মুসলিম সাহিত্যধারা এবং ইতিহাসভিত্তিক কাব্যরীতির আলোচনায় তাঁর গুরুত্ব আজও অমলিন।
বর্তমান সময়ে কায়কোবাদের সাহিত্য নতুনভাবে পাঠের দাবি রাখে। বিশেষ করে উত্তর-ঔপনিবেশিক (Postcolonial) সাহিত্যতত্ত্ব, সাংস্কৃতিক ইতিহাস, জাতীয়তাবাদ এবং স্মৃতি-রাজনীতির আলোকে তাঁর সাহিত্য পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। তিনি ইতিহাসকে কীভাবে কাব্যে রূপান্তর করেছেন, কীভাবে একটি জনগোষ্ঠীর আত্মপরিচয় নির্মাণে সাহিত্যকে ব্যবহার করেছেন এবং তাঁর কাব্যে ইতিহাস ও কল্পনার সম্পর্ক কীভাবে নির্মিত হয়েছে, এসব প্রশ্ন আজও গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও জাতিসত্তার সম্পর্ক নিয়ে গবেষণায় তাঁর রচনা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর সৃষ্টিশীল শক্তি, নন্দনচেতনা, ইতিহাস-অনুধাবন, ভাষারীতি ও সীমাবদ্ধতা, সবকিছুকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করা প্রয়োজন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। কায়কোবাদের সাহিত্য পুনর্পাঠ আমাদের আত্মপরিচয় এবং বাংলা সাহিত্য-ঐতিহ্যের গভীরতা উপলব্ধি করতে সহায়তা করবে। বাংলা ভাষা ও সাহিত্যের ধারাবাহিক বিকাশে তাঁর অবদান গবেষণা ও মূল্যায়নের মাধ্যমে আরও বিস্তৃতভাবে তুলে ধরা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব বলে মনে করি।
চাষা হাবিব
কবি ও গবেষক