10/01/2024
আমারও যে একটা স্বপ্ন ছিল। ছোট্ট একটা স্বপ্ন। একান্তই আমার। শান্ত, স্নিগ্ধ, মনোরম, হৃদয় শীতলকারী যেন সে স্বপ্ন। সত্যি বলতে আমার জন্য তা ছিল বাঁচার অবলম্বনের মতো। যেন এটা আছে বলেই আমি বেঁচে আছি। নিঃশ্বাস নিতে পারি, প্রাণচঞ্চলতা কাজ করে আমার মাঝে। এটা আছে বলেই আমি প্রাণ ভরে স্বপ্ন দেখতে পারি। যেনবা এটা আমার অনেকগুলো স্বপ্নের প্রোডাকশন হাউস।
তাইতো, আমি তাকে সবসময় আগলে রাখতাম বুকপকেটে খুব যত্ন করে। যেনবা না হারিয়ে যায়। যত কণ্টকাকীর্ণ পথ, যত চিপাগলি, রাজপথ, সাগর-নদী সব পাড়ি দিতাম আমি বুকপকেটে তারে নিয়ে। এভাবে করে করে তারে হারানোর যে ভয়টা আমারে তীব্রভাবে ঘিরে রাখতো, সেটা ধীরে ধীরে কেটে যেতে লাগলো। তার প্রতি আবেগও কমতে লাগল। মনে হতো যে, সে তো আছেই।
হঠাৎ করেই একদিন টের পেলাম, বুকপকেট টা কেমন ফাঁকা লাগছে। হাত দিতেই আঁতকে উঠলাম। অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম স্বপ্নটা আমার নেই। সে যে হারিয়ে গেছে। কোথায়, কখন, কোন বন্ধুর, আঁকাবাঁকা পথ চলতে গিয়ে স্বপ্নটা আমার হারিয়ে গেল। পথের নেশা, জগতের নেশা আমায় এমনভাবে আমার প্রাণের চেয়েও প্রিয় স্বপ্নটাকে ভুলিয়ে রাখল টেরই পেলাম না। নিজের প্রতিই তীব্র রাগ হতে থাকলো। হারিয়ে ফেলে এখন তারে আমি খুজে বেড়াই। আমার অভিমানি স্বপ্নটা না জানি কোথায় আছে!
তারে আমি খুঁজে বেড়াই বন-বাদাড়, পাহার-অরণ্য,সাগর-নদী সবখানে। প্রাণপণ খুঁজেও আর পাইনা তারে। বেশ অনেক দিন হয়ে গেল বুক পকেট টা ফাঁকা, স্বপ্নহীন পড়ে আছে। ধুলো-বালি জমেছে কিছু। যতো দিন যায় ততই সে স্বপ্নহীনতা আমায় নিঃস্ব করে তোলে। তার শুন্যতা আমায় তৃষ্ণার্ত করে তোলে পানির সঙ্কটে তৃষ্ণার্ত ম্রু পথিকের মতো। মাঝে মাঝে তার শুন্যতায় আমার মাঝে ভর করে রাজ্যের উন্মাদনা। উন্মাদ আমি কিংকর্তব্যবিমুঢ় হয়ে বসে পড়ি। শুয়ে থাকি কফিনের ভেতর পড়ে থাকা লাশের মতো। দিন যায়, রাত যায় লাশের কোন খবর থাকে না।
দিন কয়েক পর যখন হুঁশ ফিরে, মনকে স্বাভাবিক করার চেষ্টা করি, বুঝ দেই- সামান্য একটা স্বপ্নই তো হারাল। এ আর এমন কি! নতুন করে স্বপ্ন দেখো। দুনিয়াতে স্বপ্নের কি আর অভাব হয়! কিন্তু পরক্ষনেই আবার সেই শুন্যতা ভর করে আমার মাঝে। সেই উন্মাদনা, সেই নিরজিবতা আর সেই তৃষ্ণার্ততা সবে মিলে এক আলাদা সত্ত্বা হয়ে যাই আমি। যাকে আমি নিজেই চিনতে পারি না। ভয়ে আঁতকে উঠি।
বেশ ক'দিন পর এই নতুন সত্ত্বা, মানে নতুন আমিকেই যেন আমার ভালো লাগতে শুরু করে। এঁর মাঝেই আমি নিজেকে খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। মনে হতে থাকে এই নতুন সত্ত্বাই যেন আমার আসল সত্ত্বা। ফলস্বরূপ পুরনো আমিকেই যেন এখন আমার অপরিচিত লাগে। পুরনো আমির আচরণ অভ্যাস যেন আমার কাছে অস্বাভাবিক, বিরক্তিকর আর অদ্ভুত ঠেকে। যেনবা বাসায় আসা অপরিচিত কোন ভিনদেশী মেহমান যাকে ইহকালেও দেখিনি। কেমন অদ্ভুত তার আচরণ, অদ্ভুত তার কথা বলা, খাওয়া, হাসি-কান্নার ধরণ!
#আমি