10/05/2025
নজরুল সংগীত শিল্পী পরিষদের পথচলার একদম শুরু থেকে একজন শুভানুধ্যায়ী এবং উপদেষ্টা এবং বাংলাদেশের অত্যন্ত উল্লেখযোগ্য একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মুস্তাফা জামান আব্বাসী আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি সঙ্গীতবিশারদ, লেখক ও গবেষক। তিনি মূলতঃ একজন লোকসঙ্গীত বিশেষজ্ঞ এবং বাংলা লোকগানের সংরক্ষণ ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী জনাব আব্বাস উদ্দিন আহমদ—যিনি নজরুল সংগীতের পাশাপাশি পল্লীগানের জগতে এক বিপ্লব এনেছিলেন। পিতার উত্তরসূরি হিসেবে মুস্তাফা জামান আব্বাসী বাংলা গানের ঐতিহ্য রক্ষা ও গবেষণার কাজকে এগিয়ে নিয়ে গেছেন।
তিনি বহু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত সংগ্রহ ও লিপিবদ্ধ করেছেন। তাঁর গবেষণা এবং সংগ্রহ থেকে প্রমাণিত হয়েছে যে বাংলা গান শুধুই বিনোদন নয়, এটি বাঙালির জীবনের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সাথেও দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং লোকগানভিত্তিক বহু অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি সুফি ও বাউল দর্শনের ওপরেও গবেষণা করেছেন, এবং বহু প্রবন্ধে বাংলা গানের দার্শনিক দিক নিয়ে আলোচনা করেছেন।
মুস্তাফা জামান আব্বাসীর কর্মজীবন শুধু সঙ্গীত গবেষণায় সীমাবদ্ধ নয়—তিনি একজন কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতিমান, বিশেষ করে আব্বাসউদ্দীনের গাওয়া গানগুলো তিনি নিজস্ব ঢঙে পরিবেশন করে শ্রোতাদের মধ্যে নস্টালজিক আবহ তৈরি করেন। আমাদের পরিষদের অন্যতম সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাশিদ কামালের তিনি আপন চাচা। নজরুল সংগীত শিল্পী পরিষদ এই জননন্দিত শিল্পীর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছে।