26/09/2023
পেপ গার্দিওলা দাবি করেছিলেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এখন তেমন কোনো কঠিন কাজ নয়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২৩/২৪ মৌসূমে নিজেদের প্রথম লেগে ম্যান সিটি মুখোমুখি হয় সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের। পুরো ম্যাচে আরলিং হালান্ড গোল পেলেন না। তাতে কী, আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ যিনি সিটির প্রধান গোল মেশিনে পরিণত হয়েছে এবং ইনজুরিতে বিশ্রামে থাকা কেভিন ডি ব্রুইনের সবচেয়ে সফলতম প্রতিস্থাপন হিসেবে নিজের জাত চিনিয়েছেন প্রতিনিয়ত দলকে সাপোর্ট দিয়ে।
জাতীয় দলে মেসির সতীর্থ আলভারেজ করলেন জোড়া গোল। তাতেই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে যেন কোচের কথার প্রতিধ্বনিই তুললেন ম্যানসিটি ফুটবলাররা। হুলিয়ান আলভারেজের জোড়া গোলের সঙ্গে বাকি গোলটি উপহার দিয়েছেন স্প্যানিশ তারকা রদ্রি। রেড স্টার বেলগ্রেডের হয়ে একমাত্র গোলটি করেন উসমান বুখারি।
বেলগ্রেডের বিপক্ষে জিতার আগে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার পর ২৭ তম জয় ম্যানসিটির। মঙ্গলবার রাতের ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা সম্ভব, কতটা প্রভাব বিস্তার করে খেলেছে ম্যানসিটি। বল দখলে সিটির আধিপত্য ছিল ৭৬ ভাগ। মাত্র ২৪ ভাগ বল দখলে রাখতে পেরেছিলো রেড স্টার বেলগ্রেড। প্রতিপক্ষের জালে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে সিটি ফুটবলাররা। সব মিলিয়ে সিটি ফুটবলাররা গোলের চেষ্টা করেছে ৩৭বার। গোল পোস্টে শর্ট নিয়েছে ১৬টি। কঠিন পরীক্ষা দিতে হয়েছে বেলগ্রেডের গোলরক্ষক ওমরি গ্লেজারকে। ১৩বার তিনি দলকে রক্ষা করেন গোল থেকে। উল্টো সিটির জালে ম্যাচজুড়ে মাত্র তিনবার গোলের চেষ্টা চালাতে সক্ষম হয় রেড স্টার বেলগ্রেড। ২টি শট নিয়েছিলো গোল লক্ষ্যে তার মধ্যে একটিতেই হলো গোল এবং অন্য শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক এডারসন।
ম্যাচের ৪৫তম মিনিটেই পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি সিটি। উল্টো ৪৫তম মিনিটে উসমান বুখারির দুর্দান্ত এক গোলে পিছিয়ে পড়তে হয় সিটিজেনদের। তবে ইত্তিহাদ স্টেডিয়ামের দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর প্রথমেই দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ, ৪৭তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ৬০মিনিটে আরেকটি গোল করে দলকে লিড দেন আলভারেজ। ৭৩তম মিনিটে আবারও গোল করেন ম্যানসিটি। এবার গোলদাতা ছিলেন স্প্যানিশ তারকা রদ্রি।
নরওয়েজিয়ান গোল মেশিন আরলিং হালান্ড প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ মিস করেন। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচ গোল বঞ্চিত থাকতে হলো তাকে।