23/07/2026
চুয়েট ডিবেটিং সোসাইটির সাংগঠনিক বিবৃতি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ডিবেটিং সোসাইটি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৬-কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এ বিবৃতি প্রদান করছে।
গত ১০-১১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ২০টি বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিতর্ক দল অংশগ্রহণ করে। উৎসবটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের অনুমতি নিয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তবে ১০ জুলাই চট্টগ্রামে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অতিথি, বিচারক ও অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে অনুষ্ঠানসূচিতে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসে এবং প্রায় দুই ঘন্টা বিলম্বে অনুষ্ঠান শুরু করতে আমরা বাধ্য হই।
পরিস্থিতির ধারাবাহিকতায় এবং সারাদিনব্যাপী বৃষ্টির জন্য অনুষ্ঠান সমাপ্তিতেও বিলম্ব ঘটে। এটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম বা প্রশাসনিক নির্দেশনা অমান্য করার উদ্দেশ্যে ছিল না। অংশগ্রহণকারী ও বিচারকদের উপস্থিতি, প্রতিযোগিতার ধারাবাহিকতা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় আয়োজকদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় সেমিফাইনাল বিতর্কটি নির্ধারিত সময়ের পরে আয়োজন করার। তবুও নির্ধারিত সময় অতিক্রম হওয়ার বিষয়টিকে আমরা অনিচ্ছাকৃত ত্রুটি হিসেবে স্বীকার করেছি এবং এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। উল্লেখ্য যে, ইতোপূর্বে নির্ধারিত ৩-৪ জুলাই, ২০২৬ এর সময়সূচী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১০-১১ জুলাই,২০২৬ এ পরিবর্তন করে চুয়েট ডিবেটিং সোসাইটি।
ছাত্রীদের হল-সংক্রান্ত বিষয়েও উল্লেখ করতে চাই যে, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের জন্য প্রয়োজনীয় সময় বৃদ্ধি করা হয়েছিল এবং অনুষ্ঠান শেষের আগেই নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিরাপদে নিজ নিজ হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়।
গত ২৬ বছর ধরে চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও নিবন্ধিত সংগঠন হিসেবে যুক্তিবাদ, মুক্তচিন্তা, নেতৃত্ব ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য চুয়েটের সুনাম বৃদ্ধি করা এবং বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করা।
চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে, কোনো নিবন্ধিত ছাত্রসংগঠনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ নিশ্চিত করা ন্যায়সংগত প্রশাসনিক চর্চার অংশ। কিন্তু এই ঘটনায় সংগঠনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সরাসরি তদন্ত চলাকালীন সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আমাদের কাছে হতাশাজনক। আমরা মনে করি, দীর্ঘদিনের অবদান ও প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা বিবেচনায় নিয়ে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়টির সমাধান করা অধিকতর যৌক্তিক ছিল। এর পাশাপাশি "শৃঙ্খলা পরিপন্থী কাজ " একটি বৃহত্তর ধারনা। সাময়িক স্থগিতাদেশের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ঘটনা উল্লেখ না করে এধরনের বৃহত্তর শব্দবন্ধ ব্যবহার করায় জনমনে ভ্রান্ত ধারনা সৃষ্টি হয় যা ঐতিহ্যবাহী এই সংগঠনটির জন্য মানহানিকর। চুয়েটের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তচিন্তার চর্চার সাথে জড়িত একটি সংগঠনের আয়োজনকৃত একটি জাতীয় অনুষ্ঠান নিয়ে এমন ঘটনা আমাদের জন্য অত্যন্ত হতাশাব্যাঞ্জক।
চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে আমরা ন্যায্যতা, স্বচ্ছতা ও যুক্তিনির্ভর প্রশাসনিক চর্চায় বিশ্বাসী। আমরা সম্পূর্ন অনিচ্ছাকৃতভাবে ঘটা আমাদের নির্ধারিত সময় অতিক্রম করে অবস্থান করার এই ঘটনার জন্য আন্তরিকভাবে দু:খিত। তাই আমরা সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি ন্যায়বিচার, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিবেচনা করবে।
- চুয়েট ডিবেটিং সোসাইটি