26/03/2026
চকরিয়ায় ‘মমতার পাঠশালা’র ক্যাম্পাস উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া: চকরিয়ায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সুশিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশের অঙ্গীকার নিয়ে ‘স্বপ্নপূরণ- মমতার পাঠশালা’র চকরিয়া ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া পুরাতন জামে মসজিদের উত্তর পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম মোবারক আলী। তিনি তার বক্তব্যে বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার এই উদ্যোগ চকরিয়ার সামাজিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। তারুণ্যের এই শক্তিই আগামী দিনের উজ্জ্বল সমাজ গড়বে।"
আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চকরিয়া শহর সেক্রেটারি জনাব মৌলানা কুতুব উদ্দিন হেলালী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ারুল মুবিন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ দিদারুল কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালকবৃন্দ জনাব আনোয়ারুল মুহসিন, এম সালাহউদ্দিন, আরিফুল ইসলাম মারুফ, এবং ইশমাম। বক্তারা শিশুদের মেধা বিকাশে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিষ্ঠানের এই যাত্রায় সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা: প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে চকরিয়া ম্যাক্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং হাসপাতালের চেয়ারম্যান জনাব ওবায়দুল হক মনির তত্ত্বাবধানে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এই স্বাস্থ্যসেবা টিমের পরিচালনায় উপস্থিত ছিলেন ম্যাক্স হাসপাতালের ডিরেক্টর এডমিন ডাক্তার নুরুল আমিন খান এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব শেখ মোহাম্মদ পারভেজ।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ম্যাক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মামুনুর রশিদ। এছাড়াও দক্ষ নার্স ও সহযোগীদের সমন্বয়ে গঠিত টিম আগতদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করেন।