17/07/2026
রাষ্ট্র ঘোষিত ‘নজরুল বর্ষ’ ও নজরুল জয়ন্তী ১৪৩৩ উপলক্ষে শব্দাবলী গ্রুপ থিয়েটারের ব্যতিক্রমধর্মী আয়োজন- ‘চেতনায় নজরুল’
রাষ্ট্র ঘোষিত ‘নজরুল বর্ষ’ এবং নজরুল জয়ন্তী ১৪৩৩ উপলক্ষে শব্দাবলী গ্রুপ থিয়েটার পরিচালিত বরিশাল শিশু থিয়েটার আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চেতনায় নজরুল’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, নাট্যচিন্তা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই গতকাল ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় নগরীর সদর রোডস্থ শব্দাবলী মিলনায়তনে দর্ষকপূর্ণ মিলনায়তনে অনুষ্ঠিত হলো নজরুল স্মরণানুষ্ঠান। নজরুলের শতবর্ষী কবিতা ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটির বহুমাত্রিক আবৃত্তি পরিবেশন অনুষ্ঠানের মাত্রা বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্য সংগঠক জনাব ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্যতম সংগঠক দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সংস্কৃতজন শুভঙ্কর চক্রবর্তী।
শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার, নির্দেশক ও আবৃত্তিকার অনিমেশ সাহা লিটু। তিনি বলেন, জাতীয় কবির চেতনা কেবল স্মরণ করার বিষয় নয়; বরং তা নতুন প্রজন্মের চিন্তা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করার দায়িত্ব আমাদের সকলের।
উপস্থিত সুধীজনদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শিশির, শব্দাবলীর নির্বাহী সদস্য নাট্যকর্মী জীনাত লীনা, অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন শব্দাবলীর অন্যতম সংগঠক মেহেদী সজল। আরো উপস্থিত ছিলেন শব্দাবলীর সদস্য সানিয়া খান, দীপ সাহা, অমরেশ মণ্ডল, মেহেদী হাসান রুদ্র, আবদুল্লাহ রিফাত ও রিয়নসহ সংগঠনের সদস্য, অভিভাবক এবং সংস্কৃতিপ্রিয় দর্শকবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন আর্য নক্ষত্র কর্মকার, মুমতাহিনা ইয়ামিনি, ফাইজা আসাদ ও তাহসিন ইসলাম রুহি। চারজন উপস্থাপক পর্যায়ক্রমে নজরুলের জীবন, সাহিত্য, সাম্যচেতনা, অসাম্প্রদায়িক দর্শন, রাষ্ট্র ঘোষিত নজরুল বর্ষের তাৎপর্য এবং অনুষ্ঠানের প্রতিটি পর্বের বিষয়বস্তু অত্যন্ত সাবলীলভাবে দর্শকদের সামনে তুলে ধরেন।
আলোচনা পর্বে বরিশাল শিশু থিয়েটারের সদস্য আরিকা শাদাফ ইশরা জাতীয় কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এরপর আনাহিতা ফাওজিয়া আরিশা আবৃত্তি করেন কবিতা ‘সন্ধ্যাতারা’।
নজরুলের নাট্যসাহিত্য নিয়ে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন বরিশাল শিশু শিল্পী আরহাম হাসান আরিয়ান, যেখানে সে কবির নাট্যরচনা, গীতিনাট্য এবং বাংলা নাট্যসাহিত্যে নজরুলের অবদানের বিভিন্ন দিক তুলে ধরে।
এরপর মঞ্চস্থ হয় নজরুল রচিত নাটক ‘পুতুলের বিয়ে’-এর জনপ্রিয় গান ‘আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’-এর নৃত্য-কোরিওগ্রাফি। নির্দেশনায় ছিলেন সানিয়া খান এবং কোরিওগ্রাফি করেন বরিশালের নৃত্যশিল্পী রাণী গোমেজ। পরিবেশনায় অংশ নেয় ফাইজা বিনতে আসাদ, আরিকা শাদাফ ইশরা, মেহজাবিন নাবিহা ও কথা মনি সিকদার। পরিবেশনাটি দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করে। একই সঙ্গে জানানো হয়, আগামী ২৬ জুলাই জাতীয় নাট্যশালা, ঢাকায় এই নাটকটি মঞ্চস্থ করবে বরিশাল শিশু থিয়েটার।
পরবর্তীতে রাওনাফ তাসনিম মানমান কাজী নজরুল ইসলামের বিভিন্ন কাব্যগ্রন্থের পরিচিতি ও সাহিত্যিক বৈশিষ্ট্য তুলে ধরে। এরপর জারিন আনজুন আতিকা আবৃত্তি করে কবির ‘কোথায় ছিলাম আমি’ কবিতাটি।
নজরুলসংগীতের উৎপত্তি, বৈচিত্র্য ও বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করে সাবিরা কাবির সাবা। আলোচনার ধারাবাহিকতায় অনংশা সাহা শালুক পরিবেশন করে জনপ্রিয় গান ‘প্রজাপতি প্রজাপতি’।
কবির শিশু সাহিত্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে তাসনীমুল হাসান আরাজ। এরপর ইশরাক আনান আবৃত্তি করে শিশুতোষ কবিতা ‘সংকল্প’।
পরবর্তীতে অনন্যা বিশ্বাস আবৃত্তি পরিবেশন নবাব নামতা পড়া কবিতাটি। এরপর সোপার্জিতা গুহ সৃজা নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এরপর ইশফাকুল ইসলাম আরিয়ান আবৃত্তি করে নজরুলের কালজয়ী কবিতা ‘নারী’। অনুষ্ঠানের সমাপনী সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে বরিশাল শিশু থিয়েটারের প্রথম বর্ষের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পরিবেশন করে ‘খুকী ও কাঠবেড়ালী’ বৃন্দ আবৃত্তি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নজরুলের ঐতিহাসিক কবিতা ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ স্মরণে শিশু শিল্পীদের সম্মিলিত আবৃত্তি। উপস্থিত দর্শকদেরও নিজ নিজ আসনে বসে কবিতাটি পাঠে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এতে পুরো মিলনায়তনে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ফারুক হোসেন বলেন, “নজরুল কেবল অতীতের কবি নন; তিনি বর্তমান ও ভবিষ্যতেরও প্রেরণা। তাঁর আদর্শকে শিশু-কিশোরদের হৃদয়ে ধারণ করাতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবির জীবন ও কর্মভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পরিচালনা করেন অনিমেশ সাহা লিটু। কুইজে বিজীদের নজরুলের ‘ঝিঙেফুল কাব্যগ্রন্থ’ উপহার দেয়া হয়। এ সময় অথিথিবৃন্দ ও শব্দাবলী গ্রুপ থিয়েটারের সকল সদস্য মঞ্চে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।
সাহিত্য, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্যচর্চা এবং শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠানটি জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে।