05/08/2024
সেনাপ্রধান বরাবর একজন সদ্য অবসর গ্রহনকারি সেনা অফিসারের খোলা চিঠি....
আমাদের সন্তানদের বাঁচান...
স্যার,আসসালামু আলাইকুম। আমি জানি সামরিক নিয়মে খোলা চিঠি /বেনামি চিঠি গ্রহণযোগ্য নয় তবুও আমি এই বিশেষ সময়ে আমার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে আপনাকে চিঠি লেখার সাহস করছি যদি কোনো ভাবে এটি আপনার নজরে আসে।
স্যার, আমার অবসর নেয়ার তিন মাসও হয়নি,আমার শরীরে এখনো ইউনিফর্ম পড়ার চিহ্ন রয়েছে, পায়ে রয়েছে ২৩ বছর আর্মি বুট পড়ার গর্বিত কালচে দাগ।
একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে চিঠি শুরু করি। বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমার ৭ম শ্রেণীতে পড়ুয়া ছেলে ছাত্রদের মিছিলে যাবে বলে আমার কাছে আবদার করল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অল্প বয়সে চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি, এখনো বাইরে ঠিক মত নিজের পায়ে দাড়াঁতে পারিনি,থাকি ডিওএইচএস এ তাই সাহস করতে পারছিলাম না ছেলেকে নিয়ে মিছিলে যেতে। ছেলের মাকে বললাম,সাথে সাথে সে বলল অবশ্যই নিয়ে যাবে,আমাদের সন্তানরা মারা যাচ্ছে,কোনো সন্তানই আর নিরাপদ নয়। আমার মা'কে জিজ্ঞেস করলাম, তারও কথা আমাদের সবার মিছিলে যাওয়া উচিত, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা আমাদের সন্তানদের নিরাপদ রাখার আন্দোলন।
স্যার,বিশ্বাস করেন এই কথা এখন বাংলাদেশের অধিকাংশ অভিভাবকের মনের কথা।
স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রেক্ষাপটে সেনাবাহিনীকে বিভিন্ন রোল প্লে করতে হয়েছে, আমারও অভিজ্ঞতা আছে বেশ কয়েকটি "In Aid to Civil power" এ অংশগ্রহণ করার। সেগুলোর বেশিরভাগই ছিল উদ্ভুত রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারকে সহায়তা করা। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পুর্ন আলাদা। আমাদের সন্তানরা আজ আক্রান্ত। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে এতগুলো ছাত্র মারা যাওয়ার ইতিহাস বিরল,বাংলাদেশে তো নেইই। এত সন্তান হারিয়ে,এত ছাত্র হারিয়ে কোনো দেশ এবং দেশের মানুষ ভালো থাকতে পারেনা।
স্যার, আমি চাকুরির শুরু থেকে আপনাকে ব্যক্তিগত ভাবে চিনি, জীবনের প্রথম কোর্সে আপনি ছিলেন আমাদের প্রশিক্ষক। তখন থেকেই আপনার প্রতি আমরা যে অন্তর থেকে সম্মান প্রদর্শন করি আজ এতো বছর পরেও তা বিন্দুমাত্র কমেনি বরং আপনার মানবিক গুনাবলীর জন্য তা বেড়েছে। এ কারনে আপনার প্রতি আমরা যারা এখন পিতা-মাতা তাদের আশা অনেক বেশি।
স্যার, আপনাকে সাজেশন দেয়ার মত দু:সাহস আমার নেই, শুধু বিণীত অনুরোধ করব আমাদের সন্তানদের বাচানোর জন্য যা করার দরকার আপনি সেটিই করবেন এবং তা আর কোনো মায়ের বুক খালি হওয়ার আগে।