16/05/2026
গ্রহের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে চীন, যা আকারে বৃহত্তম থ্রি জর্জ ড্যামের চেয়েও বড় হবে।
এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি জর্জ। সেটিও চীনের তৈরি। থ্রি জর্জ চালুর পর পৃথিবীর গতির ওপর সামান্য প্রভাব পড়ে। বাঁধটির রিজার্ভারে পানি পূর্ণ করার পর পৃথিবীর একদিনের দৈর্ঘ্য প্রায় ০.০৬ মাইক্রোসেকেন্ড অর্থাৎ ০.০০০০০০০৬ সেকেন্ড বেড়ে যায়। অর্থাৎ পৃথিবীর গতি কমে যায়।
এটি আপাতদৃষ্টিতে দিন, রাত, ঋতুতে কোনো বড় পরিবর্তন না হলেও এখানে মজার ফিজিক্স রয়েছে। থ্রি জর্জ বাঁধটি প্রায় ৪০ ঘন কিলোমিটার পানি উঁচুতে ধরে রাখে। এতে পৃথিবীর ভারবণ্টনে সামান্য প্রভাব পড়ে। নিজ অক্ষে ঘুরতে থাকা একজন ব্যক্তি যদি দুটো হাত খুলে দেন, তখন তার গতি যেমন কমে যাবে, অনেকটা সেরকমই।
সম্প্রতি য়ারলুং সাংপো নদীর ওপর ১.২ ট্রিলিয়ন ইউয়ান ব্যয়ের এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। উৎপাদন ক্ষমতা থ্রি জর্জের তিনগুণ। এই বাঁধটির বিশাল রিজার্ভার পৃথিবীর ভর বণ্টন সামান্য বদলে দিয়ে গ্রহের ঘূর্ণনেও সূক্ষ্ম প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।