04/02/2026
একটা ভার্চুয়াল বইমেলা হোক!
(কুপ্রস্তাবনা বা ফাঁকা জমির অসদ্ব্যবহার)
~~~
যারা আসল বইমেলায় নিজের গোপন কর্মসূচি নিয়ে, নকল বইপ্রেমী সেজে ঢুকে আসেন...
স্টলের গায়ের রকমারি রঙের ফ্লেক্সের গা-ঘেঁষে দাঁড়িয়ে সেজেগুজে ছবিটবি তুলতে, বা -
বিভিন্ন স্টলে অনুষ্ঠিত হওয়া গেম শো-তে অংশগ্রহণ & খুচখাচ প্রাইজ পেতে, বা -
সস্তায় জুট-এর গয়না & বাংলা ক্যাপশনের ব্যাগ, পোর্ট্রেইট আঁকা, আচার-বড়ি-মুখশুদ্ধি খুঁজতে, বা -
দু'সারি স্টলের মধ্যবর্তী পথ দিয়ে খামোখা এলোমেলো হাঁটাহাঁটি করে পা-ব্যথা করতে, বা -
ফুডকোর্টে হামলে প'ড়ে দু'হাত বাড়িয়ে নিজেদের খাবারের জন্য গুঁতোগুঁতি করতে, বা -
'কোথায় কোন সেলিব্রিটি এলো' তাদের ধাওয়া & ঝটপট হাত-কেঁপে-যাওয়া সেল্ফি তুলতে, বা -
শুধুমাত্র এসি অডিটোরিয়ামের মঞ্চে উঠে 'অনুষ্ঠান' সেরে, ফের এসি গাড়িতে উঠে পড়তে, বা -
এইসব... ঝাড়ি মারতে / গানবাজনা করতে / সিনারি দেখতে / টাইমপাস করতে ইত্যাদি ইত্যাদি...
'আসল' বইমেলার গেটের মুখে, ঢোকার 'আসল কারণ'টি জিজ্ঞেস করা হোক। এবং, জেনেবুঝে যার-যেমন-প্রয়োজন সেইভাবে... পাশেই থাকা সেই ভার্চুয়াল বইমেলায় পাঠিয়ে দেওয়া হোক।
সেখানে চাহিদা অনুসারে সব থাকবে। সুন্দর-সুন্দর দেশি-বিদেশি স্টল বা প্যাভিলিয়নের প্রতিরূপ, অগুন্তি সেল্ফি-পয়েন্ট, সাহিত্যিকদের কাট-আউট, ফুলের টব, ফুডকোর্ট... বেশ পরিপাটি সাজানো।
বই নামক বেয়াড়া জিনিসটা থাকবে না। স্রেফ 'বইমেলা-বইমেলা ফিল'-টা (স্যরি, অধুনা 'ভাইব্') পুরোদস্তুর থাকবে। কিছু রঙিন প্রচ্ছদের কোলাজ। একটা পাতাখোলা মোটাসোটা বইয়ের মডেলও। বইয়ের মাঝখানে গর্ত, পেছন থেকে মুখটা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে, সামনে ক্যামেরা...
একটা জায়গায় এরকম একটা ব্যাপার করা যেতে পারে : কম্পিউটারে আপনার পছন্দের লেখকের নাম টাইপ করলেন। তারপর AI দিয়ে তাৎক্ষণিকভাবে এমন একটা (ভিডিও/রীল করা যাবে) পরিস্থিতি তৈরি করা হবে, যেন মনে হবে আপনি বই কিনে এগিয়ে দিচ্ছেন এবং সেই লেখক হাসিমুখে সই করছেন।
হায়দ্রাবাদ ফিল্মসিটি টাইপের... বোঝানো গেল?
হুজুগ আমাদের ভিত্তি।
ভার্চুয়াল আমাদের ভবিষ্যৎ।