03/08/2025
অদেষ্টের এক করুণ পরিহাস
নূরুজ্জামান মনি
এই মানুষের বাঁকানো পিঠ হবে কি আর সোজা,
দিন রাত্তির কান্ধে পিঠে বাড়ছে ঋণের বোঝা।
গাধার মতোন টানছে ঘানি নুইয়ে পাঁজর-ঘাড়,
মড়মড়িয়ে যাচ্ছে ভেঙে বুকের ক'খান হাড়।
মুগুর ওঠে মুগুর নামে এই মানুষের হাতে,
এই মানুষই রেল-সড়কের পাশে ঘুমোয় রাতে।
এরাই কুলি এরাই মেথর এরাই মজুর মুটে,
এই দুনিয়ার বোঝা কাঁধে দিনরাত্তির ছোটে।
এই মানুষের শ্রমে ঘামে ক্ষেতে ফসল ফলে,
পায় না খেতে পেটের ভেতর ক্ষিধের আগুন জ্বলে।
এই মানুষের ক্ষেতের ফসল দস্যুরা নেয় লুটে,
ভাগ্য মেনেই মলিন হাসি ঝুলিয়ে রাখে ঠোঁটে।
এই মানুষের হাতেই ঘোরে উন্নয়নের চাকা,
দিনগুলো রয় সকল সময় ঘোর আঁধারে ঢাকা।
উচ্চাসনে বসে যারা তাদের কি আর কই,
নিত্য ওরা দিচ্ছে এদের পাকনা ধানে মই।
পরিশ্রমে ভাগ্য ফেরে সত্যিই কি তাই,
তবে কেন ভাগ্যে এদের সুখের দেখা নাই?
বেতন-বোনাস পায় না এরা খাটে বারো মাস,
জীবন এদের অদেষ্টের এক করুণ পরিহাস।
২১/০৬/২৫
ম্যানচেস্টার
ইউকে