03/05/2026
☔ বৃষ্টি দিনে ☔
ঝমঝমিয়ে বৃষ্টি এলো ইশকুলে হৈ চৈ,
বন্ধ আমার আঁকার খাতা, বন্ধ পড়ার বই।
গাছের পাতায় কাঁপন লাগে, ডাকছে আ চৈ চৈ,
কেমন হবে আমিও যদি তোমার বন্ধু হই❓
পুকুর পাড়ে জল থৈ থৈ, উঠোন জুড়ে বান,
ভাসিয়ে দেব নৌকো আমার, বৃষ্টি ভেজার গান।
আকাশটা আজ কাঁদছে এমন, মেঘের চোখে জল,
কাক-শালিকও ভিজছে চালে চোখ দুটি ছল ছল❗
ঢং ঢং ঢং ঘন্টা শোনো ছুটির সানাই বাজে,
গায়ের চাষি টোকা মাথায় যাচ্ছে মাঠের কাজে।
পথচারী সামাল সামাল, উল্টে গেল ছাতা❗
নাচছে আহা কলার পাতা, আমপাতা জামপাতা।
বৃষ্টি এলে ইলশেগুঁড়ি জানলাতে দেই চোখ,
উল্লাসে ওই নাচছে কারা বেজায় দুষ্টু লোক।
পাপান-তাতাই মিস্টুনিরা দিচ্ছে সে কী ডুব,
পুকুরগুলো মাতিয়ে বেড়ায়, ঝাপুর-ঝুপুর-ঝুপ।
বৃষ্টি আমার স্বপ্ন, বৃষ্টি আমার কল্পনা,
সেই স্বপ্নেই আঁকতে থাকি নানা রকম আলপনা।
বৃষ্টি আমার ছোট্টবেলার কল্পনাতে সাঁতার,
জানলা ধরে দাঁড়িয়ে থাকি কেমন যেন পাথার।
আমিও যদি নামতে পারি মেঘের মতন ঢল,
কিন্তু কোথায় হারিয়ে গেল আমার চোখের জল ❓