03/09/2026
❤️ আমার সেলাইয়ের জগতে আসার গল্প❤️
সেলাইয়ের সঙ্গে আমার পরিচয় আজকের নয়। এসএসসি পরীক্ষার সময় বড় ভাইয়ের বউয়ের কাছ থেকে টুকটাক সেলাই শিখেছিলাম। ছোটবেলা থেকেই সেলাইয়ের প্রতি একটা ভালো লাগা ছিল। কিন্তু বিয়ের পর সংসার আর নানা ব্যস্ততায় প্রায় চার-পাঁচ বছর সেলাই থেকে দূরে ছিলাম।
এরপর একদিন হঠাৎ সুতো বুনন আপুর পেজটা চোখে পড়ে। আপুর কাজগুলো দেখতে দেখতে আবার সেই পুরোনো ইচ্ছেটা জেগে উঠল—আবার সেলাই শিখব, নিজের হাতে কিছু তৈরি করব।
প্রায় সাত-আট মাস আপুর পেজের সঙ্গে ছিলাম। ভিডিও দেখতাম, কমেন্ট করতাম। কিন্তু তখন কোর্স করার মতো সামর্থ্য ছিল না। অবশেষে একদিন সাহস করে আমার হাজব্যান্ডের আইডি থেকে @সুতোবুনন আপুকে মেসেজ দিলাম। সুযোগটা পেয়ে ভর্তি হয়ে গেলাম।
ছোট বাবুর কারণে লাইভ ক্লাস করা সম্ভব হতো না। তাই বাবু ঘুমিয়ে গেলে রাতে জেগে রেকর্ড করা ক্লাসগুলো দেখতাম। তখন আমার কাছে কাজ শেখার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালও ছিল না। পুরোনো কাপড়ের টুকরোর ওপর, ফ্রেম ছাড়াই, শুধু একটা সুই দিয়ে কাজ করে হোমওয়ার্ক করার চেষ্টা করতাম।
পরে ধীরে ধীরে টাকা জমিয়ে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল কিনলাম। একে একে ক্লাসগুলো শেষ করলাম। তারপর নিজের একটা পেজ খুলে কাজ শুরু করলাম। কয়েকটা ভিডিও ভালো সাড়া পেল, ভিউও আসতে শুরু করল।
কিন্তু এর মধ্যেই জীবনে আবার একটা কঠিন সময় আসে। আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে অনেক ব্যস্ততার কারণে কয়েক মাস পেজ থেকে দূরে থাকতে হয়।
প্রায় চার-পাঁচ মাস পর আবার যখন ফিরলাম, তখন মনে হলো—শুধু কনটেন্ট তৈরি নয়, এবার নিজের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। অনেক ভাবনার পর পোশাকের বদলে ব্যাগ নিয়েই কাজ শুরু করার সিদ্ধান্ত নিলাম।
তারপর শুরু হলো নতুন করে শেখা—ম্যাটেরিয়াল কোথায় পাব, কীভাবে সোর্সিং করব, কীভাবে নিজের হাতে সুন্দর একটা ব্যাগ তৈরি করব। এখনো শিখছি, চেষ্টা করছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।
একটা পুরোনো কাপড়ের টুকরো আর একটা সুই দিয়ে যে যাত্রাটা শুরু হয়েছিল, আজ সেটাই আমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার গল্প।
আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন করে সাহস দেয়। সামনে আরও অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
#আমারসেলাইগল্প #সেলাইথেকেস্বপ্ন #আমারগল্প #হাতেরকাজ #হ্যান্ডমেডবাংলাদেশ #বাংলাদেশীউদ্যোক্তা #আমারসেলাইগল্প #সেলাইথেকেস্বপ্ন #আমারগল্প #হাতেরকাজ #হ্যান্ডমেডবাংলাদেশ