02/06/2026
আমি আদিবাসী
>>>>>>>>>>
আমি আদিবাসী।
সর্বপ্রাণবাদী।
বন, পাহাড়, নদী, বৃক্ষ, আকাশ—
সকল সত্তায় প্রাণের অস্তিত্ব খুঁজে পাই।
আমার পূর্বপুরুষ
আমার জন্য কোনো ধর্মগ্রন্থ লিখে যান নাই;
তাঁরা লিখে গেছেন
প্রকৃতির বুকে, জীবনের পাঠশালায়,
মাটির গন্ধে, শস্যের দানায়,
নদীর স্রোতে, পাহাড়ের নীরবতায়।
সেখানেই লেখা আছে আমার পরিচয়—
আমি আদিবাসী।
প্রাচীন জ্ঞানের অমলিন উত্তরাধিকার—
নিরন্তর আমি।
আমার পরিচয়—
আমি আদিবাসী।
আমার পূর্বপুরুষের ধমনীতে প্রবাহিত
সত্য, শিব, সুন্দর।
আমি আদিবাসী।
আমার ভাবনার আদর্শ—সত্য।
আমার কর্মের আদর্শ—কল্যাণ।
আমার অনুভূতির আদর্শ—সুন্দর।
আমার সংস্কৃতিতে আমি প্রকাশিত হই,
আমার পল্লীতে আমি বিকশিত হই,
আমার মাতৃভাষায় আমি
ভালোবাসার কথা বলি।
আমার খাদ্যাভ্যাস প্রকৃতির অনুকূলে নৈতিক,
আমার জীবনচর্চা নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
আমার নৃতত্ত্ব আমার অহংকার।
আমি হাজং, আমি গারো, আমি কোচ,
আমি ডালু, বানাই, হদি, বংশী, মণিপুরী;
আমি চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মুন্ডা—
বৈচিত্র্যের মাঝে আমি এক মানবিক ঐক্যের নাম।
আমার সমাজব্যবস্থায়
নারীর অধিকার সম্মানিত;
পারস্পরিক সম্পর্ক মর্যাদায় প্রতিষ্ঠিত,
আদর্শের মূল্য বাস্তবতার চেয়েও মহত্তর।
আমার আদর্শই আমার ঈশ্বর।
আমি আদিবাসী।
নৈতিকতাসমৃদ্ধ গ্রন্থপাঠ ছাড়াও
আমি নৈতিক হতে শিখেছি।
আমার পূর্বপুরুষ
আমার ধমনীতে প্রবাহিত—
আমার চেতনায় জাগ্রত,
আমার পথচলায় প্রেরণা।
আমার পূর্বপুরুষ—
তোমাকে নমস্কার।