07/12/2023
কেউ ফিরে না— ফিরা আসার নিয়ম নাই।
খুব ছোট্টো বেলায় শখ কইরা একবার একটা পাখি পুষছিলাম, নাম দিছিলাম কাঞ্চন। নাওন খাওন বাদ দিয়া তারে নিয়াই কাইটা যাইতো বেবাক সময়। এক বিকালে কাঞ্চন আসমানে দিল, আমি কেবল চাইয়া রইলাম ফ্যালফ্যাল কইরা। দৃষ্টি ঝাপসা হইয়া আহে, গাল বাইয়া গড়াইয়া নামে নয়ন জল, তবু কাঞ্চন কদ্দুর ফিরাও চায় না। সেই যে কাঞ্চন আমারে ছাইড়া আসমানে উড়াল দিল আর ফিরা আইলো না।
কেউ ফিরে না— ফিরা আসার নিয়ম নাই। এইটা গোশশা কইরা কইতাছি না, অনুভবে কইতাছি।
দিনের পর দিন কোনো ঝড় ঝাপটার তোয়াক্কা না কইরা রাইতের আকাশে আমার লাইগ্যা যেই পূর্ণিমা চাঁন উঠতো তার নাম আছিলো মনি। আমার মতো আলাভোলা বেকার পোলার হাত ধইরা মনি আমার কাপালে তিনটা চুমু খাইয়া কইছিল, তিন চুমুতে আফনেরে আমার পিরিতের রশিতে বাঁধলাম। কেউ ছিঁড়তে পারবো না এই বাঁধন। ভালো চাকুরিওয়ালার উচ্চ বেতনের বারে ছিঁড়া গেলো পিরিতের বাঁধন, তিন চুমুর গিট্টু ভুইলা পর বেটারে তিন কবুল কইয়া মনি আমারে ছাইড়া গেলো। আমি কেবল চাইয়া রইলাম পাথর দুইখান চোখ নিয়া। মনির নাম লইয়া কত যে কানলাম, মনি আমার আর ফিরা আইলো না।
কেউ ফিরে না— ফিরা আসার নিয়ম নাই।
দাদি মরার পর বাপরে একদিন কইলাম, আইচ্ছা আব্বা, মানুষ মইরা গেলে কোনে যায়? বাপে উদাস হইয়া আসমানের দিকে চাইয়া কইলো, আসমানের তারা হইয়্যা যায়। শাপলা ফুটা এক বর্ষাকালে এলাকার বেবাক ময়মুরুব্বিরা মিল্লা দুরুদ পড়তে পড়তে বাপরে লইয়্যা গেলো কবরস্থানে। আমি কেবল হা কইরা ছাইয়া রইলাম পাখির ছানার মতো, বাপ আমার আসমানের তারা হইয়্যা গেলো। রাইত হইলে জানালা খুইলা আসমানে চাইয়া বাপরে খালি ডাকি। বাপ আমার কথা কয় না, ফিরা আসে না।
আসলেই,
কেউ ফিরে না, ফিরা আসার নিয়ম নাই।
যেই বন্ধুটা আমার সবচাইতে কাছের আছিল- সে আমারে কইছিল, তেল থেইকা জল আলাদা হইবার পারে কিন্তু আমি তোর থেইকা জিন্দেগীতেও আলাদা হমু না। মাইঝ রাস্তায় বাস্তবতা নামক এক ঝড়ে সব লন্ডবন্ড হইয়া গেলো, বন্ধু আলাদা হইয়া গেলো আমার কাছ থেইকা। আমি ঠাডা পড়া মাইনসের লাহান আলাবোলার মতো চাইয়া রইলাম। বন্ধুর আর আমার যোগাযোগ হইলেও ছটফট করতে করতে সময় যায় ,শত ইচ্ছা হইলেও আর ফিরা আইলো না।
কেউ ফিরে না— ফিরা আসার নিয়ম নাই।
যে ছইলা যায়-সে তার বেবাককিছু নিয়াই যায়।
কেউ চইলা গেলে তার লাইগ্যা আমি অহন আর মাইঝ রাইতের কাঁচা ঘুম ভাইঙা দাউদাউ কইরা পুড়ি না। তার চইলা যাওনের পথের মাইধ্যে দাঁড়াইয়া কাউরে জিগাই না, এই পথের শেষ কোথায়?
যে চইলা গেছে —সে তার বেবাককিছু নিয়াই গেছে। আমি দেখছি, বুঝছি, শিখছি। যে চইলা যায় সে এক্কেবারেই যায়, তামাম দুনিয়া লন্ডভন্ড হইয়্যা গেলেও সে আর ফিরা আহে না।
কেউ ফিরে না—
ফিরে আসার নিয়ম নাই.......