09/06/2024
"হাতুড়ে ।। সুকুমার রায়"
একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ-
কাটা ছেঁড়া ভাঙা চোরা চট্পট মেরামৎ।
কয়েছেন গুরু মোর, "শোন শোন বৎস,
কাগজের রোগী কেটে আগে কর মক্স"।
উৎসাহে কি না হয় ? কি না হয় চেষ্টায়?
অভ্যাসে চটপট্ হাত পাকে শেষটায়।
খেটে খুটে জল হ'ল শরীরের রক্ত-
শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত।
কাটা ছেঁড়া ঠুক্ ঠাক্, কত দেখ যন্ত্র,
ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র।
চোখ বুজে চট্পট বড় বড় মুর্তি,
যত কাটি ঘ্যাস্ ঘ্যাস্ তত বাড়ে ফুর্তি।
ঠাং-কাটা গলাকাটা কত কাটা হস্ত,
শিরিষের আঠা দিয়ে জুড়ে দেয় চোস্ত।
এইবারে বলি তাই, রোগী চাই জ্যান্ত-
ওরে ভোলা, গোটাছয় রোগী ধরে আন্ত!
গেঁটেবাতে ভুগে মরে ও পাড়ার নন্দী,
কিছুতেই সারাবেনা এই তার ফন্দি-
এক দিন এনে তারে এইখানে ভুলিয়ে,
গেঁটেবাত ঘেঁটে-ঘুঁটে সব দেব ঘুলিয়ে।
কার কানে কট্মট্ কার নাকে সর্দি,
এস, এস, ভয় কিসে ? আমি আছি বদ্যি।
শুয়ে কে রে ? ঠাং-ভাঙা ? ধরে আন্ এখেনে-
স্ক্রুপ দিয়ে এঁটে দিব কি রকম দেখেনে।
গাল ফোলা কাঁদ কেন ? দাঁতে বুঝি বেদনা?
এস এস ঠুকে দেই- আর মিছে কেঁদ না,
এই পাশে গোটা দুই, ওই পাশে তিনটে-
দাঁতগুলো টেনে দেখি- কোথা গেল চিম্টে?
ছেলে হও, বুড়ো হও, অন্ধ কি পঙ্গু,
মোর কাছে ভেদ নাই, কলেরা কি ডেঙ্গু-
কালাজ্বর, পালাজ্বর, পুরানো কি টাট্কা,
হাতুড়ির এক ঘায়ে একেবারে আট্কা!
KabyaBaazi #কবি #কবির #কবিতা #কবিতার #ছড়া #আবৃত্তি #বাংলা #ভাষা #কাব্য #সাহিত্য