10/04/2024
"চলার পথে কলার কথা" স্লোগানকে সামনে রেখে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী রুহুল আমিন কাজলের হাত ধরে ও স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলের পৃষ্ঠপোষকতায় ২০২১ সালে নভেম্বরে এশিয়ান হাইওয়ে ঢালী বাড়ি মোড় সংলগ্ম রাস্তার দু ধারে প্রায় এক হাজার ফূটের দীর্ঘ চিত্র কর্ম ( স্লোপ আর্ট ) দিয়ে "লোকজ সুন্দর" এর যাত্রা শুরু হয় । এই প্রকল্পের প্রধান সহযোগী শিল্পী ও সমন্বয়ক হিসেবে বেশ কিছু দেওয়াল চিত্রের কাজ সম্পন্ন করি যারই ধারাবাহিকতায় গফরগাঁও সরকারি কলেজ এ ৩০০ ফুট দেয়াল চিত্র সম্পন্ন হয়েছে যা কলেজ প্রাঙ্গনে এনেছে নতুন নান্দনিক মাত্রা। গফরগাঁও টিচার্স রোড ও বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল চিত্রের কাজ করেছি। পাবলিক আর্ট এর এটাই স্বার্থকতা - সর্ব স্তরের যে কাওকে সহজে সম্পৃক্ত করে নেওয়া যায়। পুরো উপজেলা জুড়ে তিন থেকে চার শত দেওয়াল চিত্রকর্মের লক্ষে “লোকজ সুন্দর” কাজ করে যাচ্ছে।
শুরুতে নানান জটিলতা থাকলেও এখন অনেকটাই গুছিয়ে এসেছে। একজন চিত্র শিল্পী হিসেবে বহু মাধ্যমে অনেক ছবি একে যাচ্ছি ও অনেক প্রদর্শনীতে অংশগ্রগণ করেছি। পাবলিক আর্টের ক্ষেত্রে এর পরিসর টা অনেক বেশি সেই সাথে আয়োজনটাও বড়। শিল্পের এই মাধ্যমে কাজের প্রক্রিয়াটাও ভিন্ন। লোকেশন সার্ভে করে প্রথমে দেওয়াল গুলো নির্ধারণ করতে হয় । যেহেতু এটি পাবলিক আর্ট , সাধারণ মানুষের দৃষ্টিগোচর ও সম্পৃক্ততার বিষয় রয়েছে সেহেতু কী আঁকা হবে তার একটা প্রাথমিক আউটলাইন তখনি করে নিতে হয়। দেওয়ালকে আঁকার উপযোগী করতে - পার করতে হয় আরও কয়েকটি ধাপ। শুরুতে বিশাল শুন্য দেওয়াল থাকাতে কৌতুহলী লোকেরা অনেক ধরণের মন্তব্য করলেও পরবর্তীতে রঙের সন্নিবেশে একটা চমৎকার আবহ তৈরি হয়, তখন এই লোকজনেরাই প্রশংসা করতে দেরি করেনা এবং শিল্পী হিসেবে এটাই আমাকে আনন্দ ও পরিতৃপ্তি দেয়।
আমি সিরিজ কাজ করতে বেশ পছন্দ করি, এর আগে নদী ও পরিবেশের উপর আমার একক চিত্র কর্মের বেশ কিছু ছবি প্রদর্শিত হয়েছে। রঙিন মাছ , জীব জন্তর এক্সপ্রেশন এসকল এলিমেন্টে প্রচুর কাজ রয়েছে আমার। সাধারণ আর্ট মাধ্যম থেকে বেরিয়ে সব সময় নতুন কিছু করার আগ্রহ বেশি কাজ করে। একাডেমিক কাজের পাশাপাশি সমসাময়িক কাজ - পোস্ট মর্ডান আর্ট, ইন্সটলেশন আর্ট, কন্সেপচুয়াল আর্ট, নিউ মিডিয়া আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট, এ্যাকশন পেইন্টিং – এই ধারা গুলোতে নিয়মিত এক্সপেরিমেন্ট করে যাচ্ছি।
প্রাতিষ্টানিক ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে "ড্রয়িং এন্ড পেইন্টিং" বিভাগ থেকে এম এফ এ (MFA) সম্পন্ন করি| আমি "লোকজ সুন্দর" কে নিয়ে নন্দন বিশ্বমেলা- ২০২৪ এ অংশগ্রহণ করতে যাচ্ছি। নন্দন বিশ্বমেলার সাফল্য কামনা ও আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি ও বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট্য লেখক, কবি নাট্যকার চয়ন খাইরুল হাবিব ভাই কে।
- জ.ই সুমন
নন্দন বিশ্বমেলা - ২০২৪
২০-২৫ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয়, টি-এস-সি
পরিত্যক্ত সুইমিং পুলের ধারে
Coordinator : Shahnaz Pervin
Associate : Junaid Yousuf
Curator : Choyon Khairul Habib