23/04/2026
আজ ২০২৬ সালের ২৩ এপ্রিল। গতবছর এই দিনে ফিলিস্তিনিদের নিয়ে একটি কবিতা লেখার মাধ্যমে আমার কবি জীবনের সূচনা হয়। ইসরায়েলি হামলার শিকার হয়ে ফিলিস্তিনিদের জীবন নরকে পরিণত হয়েছে। বোমা হামলা, মানুষ হত্যা অহরহ ঘটে চলেছে। খাদ্যাভাবে শিশুরা বাধ্য হচ্ছে বলতে জান্নাতে প্রচুর খাবার। ফিলিস্তিনিরা আজ দিশেহারা। এখন এই আগ্রাসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বাড়িয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছেন যুদ্ধের তাণ্ডব। যার প্রভাব সারা দুনিয়াকে অতিষ্ঠ করে আমাদের বাংলাদেশেও জ্বালানি তেল সংকট ঘটিয়েছে। প্রতিদিন দেখা যায় পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন।
এই এক বছরে ধীরে ধীরে আমি কবিতার জগতে ডুবে যাই। প্রকৃতি থেকে নানান উপাদান চুরি করে বাক্সবন্দি করি। কখনো মেঘের বেদনাবিধুর ঝরা কান্না, কখনো শীতের লুটপাটে প্রকৃতির শূন্যতা আবার কখনও বসন্তের আগমনে প্রকৃতিতে প্রাচুর্যের বন্যা। এছাড়াও আমাদের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে কবিতা রচনা করি। সবার কাছে দোয়া চাই আমার কবিতা জীবন যেন দীর্ঘ হয়।
আজ স্যার উইলিয়াম শেক্সপিয়রের জন্মদিন। শেক্সপিয়ার ছিলেন আমার প্রিয় নানার প্রিয় নাট্যকার। আমি যেহেতু ইংরেজি সাহিত্যের একজন ছাত্রী ছিলাম তাই শেক্সপিয়ার অধ্যয়ন আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। শেক্সপিয়ার ছাড়া ইংরেজি সাহিত্য কল্পনা করা যায় না। তাঁর অনবদ্য রচনা আমাদের প্রতিনিয়ত রোমাঞ্চিত করে। তাই নানার মতো শেক্সপিয়ার আমারও প্রিয় নাট্যকার। প্রিয় নানা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তিন বছর আগে। আজকের এই লেখাটা আমার প্রিয় নানা সাংবাদিক ও কবি আহসান উল্লাহকে উৎসর্গ করলাম যিনি ৬২ বছর সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন।