04/08/2026
এমনকি মধ্যবিত্তের স্বপ্ন-সাধও–
ইএমআই-তে কিনতে হয়।
জীবনের বৃত্তাকার ধুলোজমা সংস্কারে
তাতে জন্মেরও আগে থেকেই
অনাগত অতিথিকে নিয়ে
বসে যায় পারিবারিক বাজেট।
'চলো এ মাসেই...!'
'নাহ, থাক এই আয় দিয়ে, এই শহরে....!'
'....বরং, আরেকটু গুছিয়ে নেই।'
'আগামী বছর, কী বলো?'
তারপর কোনো এক অনিদ্রা রাতে
সব হিসেবকে অপ্রস্তুত করে
দেহের গোপন জোয়ারে, জরায়ুর নীরবতায়-
বাসা বাঁধে, এক একটি হৃদস্পন্দন।
কপালের ভাঁজ নিয়ে, ফের আবার–
খতিয়ানে দাগ টানে;...রাখবে?
নাকি রাখবে না?
ধর্ম এসে বসে যায় এক পাশে,
পরিবার আর সমাজ আরেক পাশে,
অভাব দাঁড়িয়ে জিজ্ঞাসে দরজায়,
আর মা তার মমতার পরম নিশ্চিন্ত কুঠুরিতে,
আপন মনন আর শরীরের ভেতর
নিজেকেই বোঝাতে থাকে।
অতঃপর, জন্মের পর
প্রথম যে কান্নাটুকু,
সেও যেন অদৃশ্য কোনো কিস্তিতে বাঁধা।
ছোট্ট প্রাণ, ধাপে ধাপে শিখে নেয় জ্ঞাতি ব্যাকরণ।
এরপর শুরু হয় কিস্তির ঘূর্ণন–
দুধের কৌটা..., টিকার তারিখ...,
স্কুলের ভর্তি..., টিউশনি, কোচিং...,
বাবার ওষুধ..., মায়ের চশমা...,
ঈদের জামা..., পার্বণে গিফট...,
গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট, বাড়িভাড়া,....
আর প্রতিটি মাসের শেষে
বকেয়ার অনাদায়ে, ...দীর্ঘশ্বাসের জের টানা।
মধ্যবিত্তরা
খুব কমই স্বপ্ন দেখে।
তারা স্বপ্নেরও মাসিক কিস্তি হিসেব করে।
লৌকিক অনেক কিছুই অলৌকিক ভেবে থামে।
ভালোবাসলেও ভাবে,
ঘুরতে গেলেও ভাবে,
বই কিনলেও ভাবে,
অসুখ করলেও ভাবে,
মরে গেলেও ভাবে,
জন্ম দিলেও ভাবে,
ভাবে কতোটা বাকি হলো;
আর কিস্তি কতোটা বৃদ্ধি পেলো।
নিজের শখগুলো
আলমারির লকারে তালাবদ্ধ করতে করতে
একদিন তারা আবিষ্কার করে,
সেগুলোতে ধুলো নয়, সময় জমেছে।
তবু তারা
অন্যের প্রাপ্য কেড়ে নেয় না,
রাতের ঘুম বন্ধক রেখেও
আমানতের খেয়ানত করে না।
নিজেদের অভাবকে জোড়া-তালি দিয়ে
ভদ্রতার পোশাক ভেবে পরে থাকে।
এর মাঝেই, ভাগ্যবান সেই,
যে অন্ধকারে সুযোগমতো কাঁদতে পারে।
কিন্তু যে মানুষটির কান্নাই আসে না,
কিংবা কান্নার কারণগুলো
এতটাই শিকড় গজিয়ে ফেলে-
যে, আলাদা করে কোনো একটি দুঃখকে আর
চেনাই যায় না?
তখন, ঘরের দেওয়ালগুলো
ধীরে ধীরে ক্যালেন্ডারের পাতায় বদলে যায়।
মাসগুলো, কিস্তির রসিদ হয়ে উড়ে বেড়ায়।
স্নানঘরে ছোট্ট আয়নায়
মানুষটি নিজের মুখ নয়,
একটি হিসাবের খাতা দেখতে পায়।
যার পরতে পরতে কিস্তি;
সেখানে জমার চেয়ে বাকীই বেশি।
অবশেষে,
জীবনের পাড়ে বসে
ভেঙে যাওয়া চশমায়
সে মানুষ কী দেখার অপেক্ষাতে থাকে?
এতদিন কিস্তির ঘানি টেনে
বেলা শেষে, ঘোলা চোখে,
সে কী খোঁজে ওপারের তরী?
কেউ জানে না তা।
জানে কি?
সে মানুষ একান্তে ভাবে-
এমনকি মধ্যবিত্তের স্বপ্ন-সাধও–
কিনতে হয় ইএমআই-তে।
~ মধ্যবিত্তের কিস্তিনাম ~
© অযাচিত কালিদাস #অযাচিত_কালিদাস
০৩ আগস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩ | ২০ সফর ১৪৪৮