29/04/2026
দিন শেষে মানুষ একা —
মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী। সম্পর্ক, ভালোবাসা, পরিবার, সম্পদ—সবকিছু মিলিয়েই যেন জীবনের বৃত্ত পূর্ণতা পায়। আমরা সারাজীবন ছুটে চলি—কখনো পরিবারের সুখের জন্য, কখনো ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, কখনো সামাজিক মর্যাদা রক্ষার জন্য। মাথার ঘাম পায়ে ফেলে গড়ে তুলি ঘর, জমি, ব্যাংক ব্যালেন্স, প্রতিষ্ঠা। মনে করি—এগুলোই আমাদের শক্তি, এদের মাঝেই নিরাপত্তা, এদের মাঝেই আশ্রয়। কিন্তু জীবনের গভীরতম সত্যটি হলো—দিন শেষে মানুষ মূলত একাই।
এই কথাটি শুনতে হয়তো কঠোর, নির্দয় কিংবা নৈরাশ্যবাদী মনে হতে পারে, কিন্তু বাস্তবতা অনেক সময় এর চেয়েও নির্মম।
আমরা যাদের “আপন” বলে জানি—বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন—সব সম্পর্কই ভালোবাসার, কিন্তু সব সম্পর্ক সমানভাবে পরীক্ষিত নয়। সুখের দিনে চারপাশে মানুষের অভাব হয় না। অর্থ, প্রভাব, সামর্থ্য থাকলে আপনজনের ভিড়ও কম থাকে না।
কিন্তু মানুষ যখন অভাবগ্রস্ত হয়, যখন বড় অসুখে পড়ে, যখন আয় বন্ধ হয়ে যায়, যখন সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে—তখন অনেক মুখোশ খুলে যায়। যারা একসময় খুব কাছের ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। প্রথমে খোঁজ নেয়, তারপর ব্যস্ততা বাড়ে, পরে যোগাযোগ কমে আসে। একসময় মানুষ বুঝতে শেখে—দুঃখের গভীরতা একা একাই বহন করতে হয়।
কারণ অধিকাংশ সম্পর্কের ভিত আবেগে গড়া হলেও বাস্তবতার চাপ অনেককে বদলে দেয়।
মানুষের সবচেয়ে বড় একাকীত্ব অসুস্থতায় ও অক্ষমতায়।
অভাব মানুষকে শুধু দরিদ্র করে না, মানুষ চেনাতেও শেখায়। অসুস্থতা শুধু শরীর ভাঙে না, সম্পর্কের ভিতও পরীক্ষা করে।
যখন মানুষ বিছানায় পড়ে যায়, তখন সে বুঝতে পারে—তার জন্য কে সত্যিই সময় দেয়, আর কে কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করে। প্রথম কয়েকদিন সহানুভূতি থাকে, পরে ক্লান্তি আসে, তারপর নীরবতা।
এটাই জীবনের এক নির্মম শিক্ষা—
দুঃখ ভাগ করে নেওয়ার কথা সবাই বলে, কিন্তু দুঃখ বয়ে নেওয়ার মানুষ খুব কম।
মানুষ সারাজীবন সম্পদের পেছনে ছুটে। ভাবে—আরেকটু জমি, আরেকটু টাকা, আরেকটু সঞ্চয় হলেই শান্তি আসবে।
কিন্তু irony হলো—যার জন্য জীবন কাটিয়ে দিল, সেই সম্পদ অনেক সময় নিজে ভোগ করাই হয় না।
মৃত্যুর পর সেসব উত্তরাধিকার হয়ে যায় অন্যদের হাতে। যাদের জন্য এত আয়োজন, তারা হয়তো কিছুদিন শোক করে, তারপর স্বাভাবিক হয়ে যায়। সময় বড় নির্মম নিরাময়কারী—সবাইকে ভুলিয়ে দেয়।
আর অনেক পরিবারে দেখা যায়, সম্পত্তি ভাগাভাগি নিয়েই বিবাদ, দ্বন্দ্ব, সম্পর্কচ্ছেদ।
যে মানুষটি জীবদ্দশায় সবকিছু গড়ে দিয়েছিল, তার অবদানই তখন হারিয়ে যায় হিসাব-নিকাশের ঝগড়ায়।
এ যেন জীবনের এক ট্র্যাজিক সত্য—
মানুষ সম্পদ রেখে যায়, কিন্তু স্মৃতি বেশিদিন টেকে না।
মৃত্যু মানুষকে শেখায়—সবকিছুই ক্ষণস্থায়ী।
আজ আমরা যাদের নিয়ে পৃথিবী বানিয়ে রেখেছি, একদিন তারা সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে। আমরা মারা গেলে কিছুদিন কান্না হবে, দোয়া হবে, স্মৃতিচারণ হবে, তারপর জীবন তার নিজস্ব গতিতে চলবে।
কখনো হয়তো হঠাৎ কেউ মনে করে কবর জিয়ারত করবে—এই পর্যন্ত।
কঠিন শোনালেও সত্য—
পৃথিবী কারও জন্য থেমে থাকে না।
তবে “আমি একা” — এই উপলব্ধি কি হতাশা?
না, বরং এটি জাগরণ।
এই উপলব্ধি শেখায়—
- মানুষকে ভালোবাসো, কিন্তু তাদের ওপর অস্তিত্বের ভরসা রেখো না।
- সম্পদ অর্জন করো, কিন্তু সম্পদের দাস হয়ো না।
- পরিবারের জন্য করো, কিন্তু নিজেকেও বাঁচাও।
- এমনভাবে জীবন যাপন করো, যাতে তোমার সঞ্চয় শুধু টাকা না হয়ে সৎকর্মও হয়।
কারণ শেষ পর্যন্ত মানুষ একা হলেও সম্পূর্ণ নিঃসঙ্গ নয়—তার আমল, তার চরিত্র, তার কর্ম, তার সৃষ্ট কল্যাণ তার সঙ্গী হয়।
শেষকথা হলো, “দিন শেষে আমি আপনি একা”—এই বাক্যটি নিছক হতাশার কথা নয়; এটি আসলে অহংকার ভাঙার শিক্ষা।
মানুষ একা আসে, একাই যায়। মাঝখানে সম্পর্ক, সম্পদ, ক্ষমতা—সবই সাময়িক মায়া।
তাই শুধু ধনসম্পদ গড়তে গড়তে জীবন নষ্ট না করে—নিজেকে গড়ি, সম্পর্ককে সত্য করি, মানুষের উপকার করি, নিজের জন্যও কিছু বাঁচি।
কারণ শেষ বিচারে উত্তরাধিকার নয়, মানুষকে বাঁচিয়ে রাখে তার রেখে যাওয়া ভালোবাসা, কর্ম আর স্মৃতি।
দিন শেষে মানুষ একা—কিন্তু অর্থপূর্ণ জীবন যাপন করলে সেই একাকীত্বও মহৎ হয়ে ওঠে।
#বাস্তবতা