দ্বীপ সর্বস্ব - Dweep Sorbosso

দ্বীপ সর্বস্ব - Dweep Sorbosso যাপিত জীবন এখানে গল্প, কাব্য, গান হয়ে আছড়ে পড়ে।

13/04/2025

এইযে ভালো না বেসেও ভালোবাসার অতখানি কাছে চলে যাই আমরা-
প্রেমে না পড়েও ভীষণ প্রেমে পড়ে গেছি বলে ভ্রম হয়-
এইটুকুকেই ভালোবাসা বলে।
"সুখের দিনে দারুন প্রেম হবে" বলা তুমিও এককালে মিলিয়ে যাও হয়তো ম্রিয়মান ঘাসের মতন,পলকা যত মেঘের মতন।
পৃথিবীর যাবতীয় প্রেমিকাদের ছাপিয়ে তোমার কাজলে লেপ্টে থাকে বেলাশেষের অনিশ্চয়তার ছাপ।
এখানে ছাই হয় সভ্যতা,শহুরে ব্যস্ততায় ফুসরত পেলে ছাই হই আমিও।
তবুও তো ধ্বংস হবার কথা না আমাদের।
আমাদের দেখা হবার কথা।
সহস্র সব মুহূর্ত পেরিয়ে অসংজ্ঞায়িত সম্পর্কের সংজ্ঞা নির্ধারনে খুব করে দেখা হওয়া প্রয়োজন এখন।
অথচ আকাশে কি ভীষণ মেঘ,ঝড় এসে উড়িয়ে নেবে বুঝি সব টুকু সম্ভাবনা।
কলাপাতার শাড়ি পরা অবয়ব ভাসবে না তোমার।
এইসব কষ্ট অসময়ে আসে দুঃস্বপ্নের আদলে।
বেলা ফুরোলে অবেলায় পুড়ে যায় মন।
তোমার সাথে দেখা হয় না আমার।
১২/০৮/২০১৯

11/04/2025

যেভাবে আচমকা হারিয়ে যায়-
প্রত্যুষে বুকের ভেতর আটকে থাকা মন্দ বাতাস।
খড়ের নিদারুণ উত্তাপে আধবোঁজা চোখ মেলে মানুষ-
যেভাবে চেয়ে দেখে দূরে ভেসে থাকা কুয়াশা।
আর তাদের প্রিয় ফড়িংয়েরা, যারা কেবল ডানা গজিয়ে উড়তে শিখেছে-
তাদের দেখতে দেখতে ছোট শিশুরা খুঁটে খুঁটে মুড়কি চিবোয়।

যেভাবে সবকিছু 'সঠিক' হয়ে আসে।
আমাদের বুকের ভেতর পুষে রাখা আকাঙ্খা যেভাবে বেঁচে থাকে।
যেভাবে মানুষেরা ভুলে যায় 'নিয়তি' শব্দের ব্যবহার।
যেভাবে হঠাৎ প্রেম হয়ে যায় এক শীতের সন্ধ্যায়।
বাড়িতে ফেরবার আতংকের গলিটিও যেভাবে নিরাপদ হয়ে ওঠে।
যেভাবে বেঁচে থাকতে থাকতে মানুষেরা কল্পনা করে নেয় নিজস্ব সুন্দর মৃত্যু।
যেভাবে আহাজারি কমে, আমাদের ফুটপাতে ফুটে থাকে ঝরে যাওয়া সকল ফুল।

আমি চাইলেও সেভাবে কল্পনা করতে পারিনা।
আমি না চাইতেও মরে যাওয়া জোনাকের স্তুপের মত হাহাকার জমে।
আমাদের পৃথিবীতে ক্রমশ কমে আসে স্বাভাবিক জীবন,
স্বাভাবিক মৃত্যুর হার।

১২/ ১১/ ২০২৪

11/04/2025

আমাদের আটপৌরে জীবন কেমন-
দামী রাস্তার আইল্যান্ডে বেড়ে ওঠা গাছেদের মত।
বুনো হয়ে উঠতে চাওয়া অগোছালো শরীর,
বিমর্ষ মালি এসে কেটে দিয়ে যায় গোলাকার গম্বুজের মাপে।

একে অন্যের দিকে তাকিয়ে আমরা,
ক্রমশ ভুলে যেতে থাকি-
রক্তের ভেতর মিশে থাকা আমাদের-
বীজ থেকে বৃক্ষ হয়ে ওঠার বাসনা।

যা কিছু ভেসে যায়-
অনভ্যস্ত সকালে ক্লান্ত পায়ে হেটে যাওয়া-
সন্ধ্যের আরামের স্বপ্ন দেখা মানুষের জীবন থেকে।
সেটুকুর ফিরে আসার প্রাচীনতম অপেক্ষা-
পরিত্যক্ত নদীটির তীরে বেধে রাখা,
ঘুনে খাওয়া খেয়াটির মত।

ব্যস্ত রাস্তা পুরোনো হলে,
শিকড় উপড়ে রাস্তায় জমে থাকে-
গাছেদের সারি সারি লাশ।
অথচ তাদের কল্পনার বৃক্ষ,
নুয়ে যায়। ছুঁয়ে থাকে-
শান্ত শীতল জল।

৩০/০৩/২০২৫

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপ সর্বস্ব - Dweep Sorbosso posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category