30/04/2026
ঈদ কি আর আগের মত আছে? 🥺
ছোটবেলায় ঈদের আনন্দ শুরু হতো স্কুল থেকেই। ঈদের ছুটির আগের শেষ দিনের সেই শেষ ঘণ্টাটা বাজবে কখন—তার জন্য কী অপেক্ষা! ঘণ্টা বাজতেই বন্ধুরা বলতাম, “ঈদের পর দেখা হবে!” বাসায় ফেরার পথে মনে হতো সামনে তো প্রায় এক মাসের আনন্দের ছুটি।
তারপর শুরু হতো প্রস্তুতি। রঙিন কাগজ আর মার্কার পেন দিয়ে নিজের হাতে ঈদ কার্ড বানানো—ভাইবোন, কাজিন, বন্ধু সবার জন্য। সেই ঈদ কার্ডের প্রচলনটাও এখন প্রায় নেই।
ঈদের সময় হলেই আরেকটা বড় আনন্দ ছিল—নানুবাড়ি যাওয়া। ব্যাগ গুছিয়ে রওনা হওয়া, নানুবাড়ি পৌঁছালেই মনে হতো ঈদ যেন সত্যিই শুরু হয়ে গেছে।
তারপর শুরু হতো ভাইবোনদের ছোট্ট প্রতিযোগিতা—কার কটা নতুন জামা হয়েছে! কেউ বলত তিনটা, কেউ বলত চারটা। আবার কেউ আলমারি খুলে নতুন জামাটা একটু বের করলেই সবাই বলত—
“ঈদের আগে নতুন জামা বের করলে কিন্তু ঈদ শেষ হয়ে যাবে!”
ঈদের আগের দিনগুলোতে টিভির সামনে বসে থাকা ছিল আলাদা উত্তেজনা। কোন চ্যানেলে কোন ঈদের নাটক বা অনুষ্ঠান হবে—সবই যেন দেখতে হবে।
আর ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই অপেক্ষা—কখন আব্বা আর বড় ভাইরা নামাজ পড়ে বাসায় ফিরবে। তারা ফিরলেই দৌড়ে গিয়ে সালাম… আর হাতে সালামি।
সেই সালামিগুলো আমরা ছোট্ট ব্যাগে জমিয়ে রাখতাম। দিনশেষে আবার প্রতিযোগিতা—কার কাছে কত সালামি!
আজ সবকিছুই আছে—ভিডিও কল আছে, মেসেজ আছে, অনেক সুবিধা আছে।
তবুও মাঝে মাঝে মনে হয়…
স্কুলের সেই শেষ ঘণ্টার অপেক্ষা, নিজের হাতে বানানো ঈদ কার্ড, নানুবাড়ি যাওয়ার উত্তেজনা, ভাইবোনের জামা নিয়ে ছোট্ট প্রতিযোগিতা, সালামির ব্যাগ গুনে দেখার আনন্দ, আর টিভির ঈদের অনুষ্ঠান—
এসব যেন কোথাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
সময় বদলেছে…
জীবনও বদলেছে…
তবুও মনে হয়,
সেই ছোট ছোট ঈদগুলোর আনন্দটাই ছিল সবচেয়ে বড়।
ZK Jasim Uddin
゚