14/08/2023
নামাজের জন্য মানুষকে আহবান করার একমাত্র মাধ্যম হলো আযান। জামাআ’তে নামাজ পড়ার জন্য আযান দেওয়া সুন্নত। কেউ কেউ ওয়াজিব বলেছেন। আযান ওহী না হলেও কতিপয় সাহাবায়েকেরামের স্বপ্নে প্রাপ্ত বাক্য। আযান মানুষকে নামাজের জন্য প্রস্তুত হতে আহবান করে।
প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজীদ নির্মাণ করলেন তখন মুসলমানদের নামাজে অংশগ্রহনের জন্য একত্রিত করতে সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন। বেশ কিছু পরামর্শ উপস্থাপন ও প্রত্যাখ্যান হয়। সেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাতে স্বপ্নে এই আযানের বাক্যগুলো শিক্ষা লাভ করেন এবং পরদিন সকালে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নের কথা জানালেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন "তোমার স্বপ্ন সত্য। তুমি বেলালকে আযানের বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে বেলাল আযান দেবে।” ঐ রাতে একই স্বপ্ন সাহাবীদের মধ্য থেকে ১৪ জনই দেখেন। যার মাধ্যমে নিয়মিত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আযান দিতেন। সেই থেকে প্রচলিত আযান ।
আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে অনেক মসজীদ। মসজীদের শহর বলে বহুল পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা। এই মসজীদ গুলো থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আযানের মাধ্যমে আমাদের নামাযের জন্য আহবান করা হয়। এই সুমিষ্ট আযানের বাক্যগুলো বিভিন্ন কণ্ঠে আমাদের কাছে পৌঁছে। কোনো কোনো সময় সুন্দর সুললিত কণ্ঠের আযান আমাদের স্তব্দ করে দেয় সব কিছু থেকে, মুগ্ধ হয়ে শুনতে থাকি তার কণ্ঠে আযানের ধ্বনি। এই সুন্দর সুললিত প্রতিভাবান কণ্ঠকে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে উপস্থাপনের জন্য এটিএন বাংলার বিশেষ আয়োজন জাতীয় আযান প্রতিযোগিতা "এটিএন ভয়েস অফ মিনার"।
সুমিষ্ট আযানের ধ্বনিতে আমরা আল্লাহর ইবাদতের জন্য সকল কাজ ফেলে ছুটে যাই মসজিদের পানে, এমন সুন্দর সুললিত কণ্ঠে, শুদ্ধভাবে আযানে পারদর্শীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক আয়োজন "এটিএন ভয়েস অফ মিনার"
বাংলাদেশের সকল বিভাগ, জেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশুদ্ধ ও সুকন্ঠী প্রতিভাদের খুঁজে বের করার পাশাপাশি মুসলিম সমাজকে সুমিষ্ট আযানের মাধ্যমে আরো বেশী মসজিদ পানে আকৃষ্ট করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।