হেলুসিনেট যুবক - Hallucinate Boy

হেলুসিনেট যুবক - Hallucinate Boy Bangladeshi poet weaving rhythm from despair, turning dark emotions into haunting verses of the soul.

10/08/2026

এতদিন কোথায় ছিলে?
হাজার বছরের প্রতীক্ষায় যে তোমাকে খুঁজেছি,
সেই তুমি এলে—কিন্তু এলে অসময়ে।

অপাত্রে বিলাও নিঃস্বার্থ দান,
পাবে কি তার মূল্য?
পাবে কি তুমি সেই নিঃস্বার্থ ভালোবাসার সন্ধান?

আমাকে প্রশ্ন কোরো না কখনো,
তাহলে বলবো—
“জানি না কবি, জানি না।
আমার হাত দুটি ধরে
কখনো বলো না আর—

কথা দাও মাধবীলতা,
আমি যে হারিয়ে যাবো,
হারিয়ে যাবো—
বিষণ্নতার অন্ধকারে।"

10/08/2026

"এক চুমুক কফিতে কেনো ভালো লাগা মিশে থাকে?
এক চুমুক কফিতে কেন অতীত স্মৃতি থাকে?
এক চুমুক কফিতে কেনো এতো কষ্ট মিশে?
এক চুমুক কফিতে কেনো নেশা জড়িয়ে?
এক চুমুক কফিতে কেনো এতো যন্ত্রণা?
এক চুমুক কফিতে কেনো নেই কোনো সুর?

এক চুমুক কফিতে কেনো আমি হারিয়ে যাই-
বহু দূর থেকে
আরো বহু দূর?"

09/08/2026

__কুৎসিত কাম্যতা__

মাঝে মাঝেই স্বাদ হয় ভাবনাগুলো বিকৃত করি,
নিজেকে নিজের ভেতরে নিয়ে গিয়ে কদাকার রাখি।
আলোর শহরে বেঁচে থাকা দৃষ্টিহীন মানব সম্প্রদায়
স্ব-অস্তিতকে বিসর্জন দিতে ছুটে চলেছে,
মুক্ত হাওয়ায় মুক্ত ধারার মুক্ত কল্পলোকে।

মাঝে মাঝেই স্বাদ জাগে মুক্ত হাওয়ার বাণে
তোমার মুক্ত স্বরুপের ধর্ষক হতে।
তোমার খোলা বুকের অজস্র শ্লীলতা,
নিমজ্জিত করি নোংরা আবেগের চোরাবালিতে।

অন্ধকার নগরীর জানালায় নির্ভার লোভাতুর চাহিদা,
সহচর কামনার উগ্র সাক্ষাতে পিষে থাক,
তোমার নগ্নদেহের জৈবিক আলোড়ন।

মাঝে মাঝে ইচ্ছে হয় কুশ্রী চাহনির দহনে,
তোমার মুক্ত মনের নগ্ন শরীর ঝলসাতে।
তোমার চোখ-ঠোঁটের নির্লিপ্ত সৌন্দর্য নষ্ট হোক-
অশ্লীল বচনের উচ্চ জোয়ারে।

মাঝে মাঝেই স্বাদ জাগে তোমাকে কুৎসিত করি,
অসুস্থ কাব্যের নিকৃষ্ট কল্পনাতে,
দূষিত নিঃশ্বাসের কম্পনে তোমাকে ধ্বংস করি
বিষাদ স্মৃতির মানস জলোচ্ছ্বাসে।

07/08/2026

__জিঘাংসা__

তোমাকে লেখার নেশা,
ধর্ষিত হয় নির্ঘুম রাত্রির অবয়বে।
বারবার প্রতি ক্ষনে গুপ্তবেশে,
তোমাকে আঘাত হানে অকথ্যকথন।
তোমাকে গড়ার নেশা বুদ হয়,
অতৃপ্তিকর মস্তিস্কে,
বারবার প্রতিক্ষনে অব্যক্ত প্রনয়ে,
তোমাকে চুর্ন করে আত্ম-প্রলাপ।
তোমার অবাঞ্ছিত লাঞ্চনায়,
কবর খুঁড়েছে জাগতিক সকল প্রবঞ্চন।

তুমি শীতল, অতন্দ্র দাসত্ব।
তুমি শাপগ্রস্ত ঊল্লাস, নিথর সম্মোহ।

06/08/2026

সময় এখন অস্থির,
বিপন্ন-বিস্ময়ে ধাবিত;
বেঁচে থেকে ফিরতে হবে,
জেনো, নতুন সময়ালোকে।

05/08/2026
05/08/2026

_প্রেরক: বাংলাদেশ ২০১৮_

মাননীয় ঈশ্বর,

আপনি হেরেছেন,
বাংলাদেশ জিতেছে।

সত্যকে স্বীকার করা এখানে গুজব,
মিথ্যাকে স্বীকার করা মাথা নোয়ানো মর্যাদা।

জনতার সংঘবদ্ধ সংগ্রাম এখানে হয় দলীয় ষড়যন্ত্র,
অথচ রাজনৈতিক রাহাজানি আখ্যায়িত হয় রাষ্ট্রীয় গনতন্ত্র।

মাননীয় ঈশ্বর,

শক্তির বিনাশ হয় না! তবে এটাও সত্যি যে বাংলায় শক্তির উৎপত্তিস্থল দালালকেন্দ্রিক, ধর্মান্ধ;
শক্তির উৎপত্তিস্থলে মনুষ্যত্বহীন নপুংসক ক্ষমতা, চাটুকারিতায় যারা চেটে নেয় বাংলার সম্ভ্রম,
রাষ্ট্রীয় সম্পদ লুট হয় তাদের আত্ম ধর্ষনবোধ সম্পন্ন দর্শন তত্ত্বে।

মাননীয় ঈশ্বর,

বিকারগ্রস্থ মিথ্যাচারে আমাদের বোধশক্তি অতিষ্ঠ,
রাজনীতিবিদগণের প্রলাপ এখন উচ্চমার্গীয় ভাষাশৈলী,
সুশীল সম্প্রদায় এখানে দলীয় দালাল,
বুদ্ধিজীবীগন রাষ্ট্রীয় আবর্জনা।
চেতনাবিদগন কিবোর্ডে অতিশয় ব্যস্ত বক্তব্য সংস্কার-প্রকাশে,
অশিক্ষিত জনশক্তিকে সন্ত্রাসবাদে লেলিয়ে করানো হচ্ছে কর্মসংস্থান,
আর বাংলার সাংবাদিক ভাইয়েরা নিজেরাই ব্যস্ত নিজেদের নিরাপত্তা ঢাল অটুট রাখতে।

হায় ঈশ্বর,
‘৭১ এ অর্জিত
এই কেমন মাইরি রাষ্ট্র???

03/08/2026

_ একা মানুষ _

একা মানুষ কোথায় কোথায় থাকতে পারে?
থাকতে পারে খোলা জমিনে, নিঃসঙ্গ কৃষ্ণচূড়ার ছায়াতলে
কিংবা শ্যাওলা ধরা কাদা মাটিতে, বর্ষার অঝোর ধারাবর্ষণে।
একা মানুষ থাকতে পারে গ্রীষ্ম-সূর্যালোকের কঠোর উত্তাপে,
থাকতে পারে শুভ্র মেঘহীন শরতের স্নিগ্ধ নীল আকাশে।
শিশির ভেজা সর্ষে ক্ষেতে পা ভিজিয়ে একা মানুষ
থাকতে পারে দাঁড়িয়ে প্রেমিকের হলদে স্বপ্নচারিণী হয়ে।

একা মানুষ থাকতে পারে কুশায়ায় মগ্ন শীতের পড়ন্ত বিকেলে,
থাকতে পারে ভোরের দক্ষিনী শীতল সুবাতাসে।
সৈকতে আছড়ে পড়া উত্তাল সমুদ্র তরঙ্গের গর্জনে,
কিংবা টলমল নদীর শান্ত স্রোতে একা মানুষ থাকতে পারে।
একা মানুষ থাকতে পারে বোধহীন অন্তর শুন্যতার অন্তরালে,
কিংবা থাকতে পারে বিষণ্ণতায় উড়াল পাখির ক্লান্ত পেখমে।

একা মানুষ থাকতে পারে প্রেমিকার অগোচরে-
কল্লোলরত বন্ধুদের সাথে গাঁজার আসরে।
একা মানুষ থাকতে পারে কবিতা পাঠে,
থাকতে পারে গানের সুরে, অসুস্থ মত্ত চেতনায়;
একা মানুষ থাকতে পারে প্রেয়সীর মায়াবী ঠোঁটে,
বন্ধ জানালায়, নীরব সন্ধ্যা প্রদীপে।
নিয়ন আলোর জনশূন্য রাজপথে ভবঘুরে-
ছায়াকৃতি হয়ে একা মানুষ থাকতে পারে।

একা মানুষ আর কোথায় কোথায় থাকতে পারে?
থাকতে পারে চোখের জলে, আশায় আশায় সারাজীবন,
কিংবা অন্য কারোর ঘরে, স্ব-পরিবারে সুখের আবরণে!

কি প্রশান্তি রেখেছো আড়ালে এই বুকে, যার সবটুকু জুড়ে লেপ্টে দিতে চায় ভালবাসার অধিকার- "আপনি শুধুই আমার""আমি তো তোমারই, মনে...
01/08/2026

কি প্রশান্তি রেখেছো আড়ালে এই বুকে,
যার সবটুকু জুড়ে লেপ্টে দিতে চায়
ভালবাসার অধিকার- "আপনি শুধুই আমার"

"আমি তো তোমারই,
মনের গহীনে এক ছটাক পরিমাণ আঁধার-
শুষে নেওয়া
সকল যন্ত্রনাকে নিংড়ে আনা ঠোঁটের ভাজে হাসি, তোমার চোখে ছড়ানো মাদকতায় আমি,
একান্তই তোমার।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেলুসিনেট যুবক - Hallucinate Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category