21/11/2024
একদিন এক বাড়িতে ডাকাত ঢুকে পড়েছে। সেই বাড়ীতে বাস করা একটি পালক গাধা ও একটি পালক কুকুর পাশাপাশি বসে আছে। গাধাটি মনে মনে ভাবছে কুকুর হয়তো এই ডাকাতদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিবে এবং গেউ গেউ করে গেরস্তের ঘুম ভাংগিয়ে দেবে।
কিন্তু, নাহ !
কুকুরটা একদম চুপচাপ ফুরফুরে মেজাজে শুয়ে আছে। কুকুরটির এহেন চুপচাপ থাকতে দেখে গাধার মনে দারুন সন্দেহ তৈরী হলো।
সে তখন কুকুরটির কাছে এসে বললো কুকুর ভাই, এবার তুমি একটা কিছু করো। দেখতে পাচ্ছো না ডাকাতরা কিভাবে বড় গুদাম ঘরের তালাটা ভেঙ্গে ফেলছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো। হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে মাংসও আছে। কুকুরটি হাড্ডি মাংস নিয়েই ব্যাস্ত রয়েছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
এসব কি দেখছে সে?
বাড়ির একমাত্র বিশ্বস্ত সিকিউরিটি প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ডাকাতের কাছে বিক্রি হয়ে গেলো?
সেটাও আবার একজন ডাকাতের মত বিশ্বাসঘাতক, বেইমান, স্বার্থপরের কাছ থেকে? আহ্, ছিঃ! ছিঃ! গাধাটা এখন কি করবে তাহলে? এদিকে ডাকাতরা আস্তে আস্তে দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
সহজ সরল গাধাটির আর সহ্য হচ্ছে না। সে আর চুপ থাকতে পারলো না। গাধাটি তখন গগনবিদারী চিৎকার চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছে আর লাফাচ্ছে। বাড়ীর মালিক এই অবস্থা দেখে ভাবলো হয়তোবা গাধাটি পাগল হয়ে গেছে বা জ্বিনে ধরেছে।
তাই মালিক বিরক্ত এবং রাগান্বিত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে গাধার পিঠে বেশ শক্ত করে কয়েকটা আঘাত করল। এতে করে গাধাটি শাররিকভাবে খুবই ব্যথা পেলো। সব থেকে বেশী ব্যথা পেলো মনে।
গাধাটি এখন চিন্তা করছে এই রকম হলো কেন? এখন সে কোথায় যাবে?
ভালবাসার মালিকের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো নিজেকেই মার খেতে হলো আজ। আর যার চোর/ডাকাত ধরা যার দায়িত্ব ছিলো সে কিছু পয়সা/খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে আছে।
সে নিজে দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামী ছাড়া আর কিছু না !
গল্পটা এখানেই শেষ। কিন্তু আমার ভাবনাটা এখান থেকেই শুরু। আমরা যারা ডাকাতদের বিরুদ্ধে কথা বলি, তাদের অবস্থাও ঐ গাধাটার মতো। কথায বলে, প্রতিবাদ করে শুধুই সবার সামনে অপরাধী হই, বিরাগভাজন হই।
আর এই ধরনের কুকুররা তলে তলে টোপ গেলে এবং কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়।
ডাকাত ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মত গাধাদের এই শাস্তি সহ্য করেই যেতে হবে। হাপিত্যেশ করা ছাড়া আমাদের কোন কাজ নাই!!!
সংগৃহীত।
゚