01/07/2026
🌼 কাগজী ফুল 🌼
আজ রাতে চলো ভালবাসা খুঁজি।
আজ রাতে চলো-
কাগজী ফুলের সাথে বৃষ্টিতে ভিজি।
কত বছরের কী যেন কী অভিমান,
বলে ফেলা যায় না, এমন এক পিছুটান।
চোখের পেছনে জমা কান্নার মেঘ,
আজ রাতে চলো শ্রাবনের অনুদানে-
অনুমতি দেই তারে
চমকাক, ঝরে যাক অযথা আবেগ।
কতদিন পরে আজ অভিসারে এলে,
বলোনি তো এত ফুল,
অভিমান কি আকুল,
ভাঁজ করে বুকে তুমি জমা রেখেছিলে।
কত ঝড় জানালায়,গোধুলীরা অবেলায়,
কামিনী চুলের ভাঁজে এসে ফিরে গেছে,
কত কদমের দিন,
কত চিঠি নামহীন,
শুধু ভুমিতব্যের প্রহরই গুনেছে।
আজ এসো,নেমে এসো শঙ্খের নীড়ে,
গোলাপ দেবো না আজ, রজনীগন্ধাও না
হারাবো না মনগড়া স্বর্গের ভীড়ে।
আজ রাতে চলো শহরের অলিগলি,
পায়ে হেঁটে নিড়িবিলি
প্রেমে ডুবি কথিত সে স্বর্গের দামে।
আজ রাতে চলো, এই হাতটাই ধরি,
তোমাকে আপন করি
লিখে নিই আমার এই কাজলের নামে।।
Rezoana S. Riana