21/08/2026
১.
রাতের বাহিরে আরও এক নির্জন রাত, ঘুমের ভেতর গভীর ঘুম। হারিয়ে ফেলার পর যতটুকু ফেরত আসে, ঐটুকু'ই। মাদলেইন, অপেক্ষার প্রবাহে ভাসছি। উজানে যে মাঝি চালায় নৌকা, তার আনন্দ মাটি পায় না
তুমি; আমার হৃদয়ে যার গন্ধ লেগে আছে
প্রিয়তমা, মুদ্রাস্ফীতির ঝড়ে বিধ্বস্ত জীবন
কে যাপন করে বলো? তোমার অপারগতা জানি তাই দূরন্ত ঘোড়ার আস্তাবল থেকে পালিয়েছি। এই মাঠহিন বদ্ধনগর ছেড়ে
প্রেম, কেবল বিচ্ছেদ বয়ে আনে
দেখা, প্রতিবার'ই শেষবার হয়ে যায়
একটি নদি, বিল
ময়ালার উৎপাতে
মরে গিয়ে
হাউজিং সোসাইটিতে
পুনঃজন্ম নেয়
শন শন বাতাস বইছে
আগ্রাসন
প্রশাসন
এ বাতাস
সীমিত, সংকট
স্পর্শের ভেতর যেটুকু ভণিতা
মৃত সাপের উৎকট গন্ধ
*
বিশ আগষ্ট পঁচিশ
তালটিয়া, পূবাইল
২.
'কবিতা'র তেজস্ক্রিয়ায় নিহত একটা লাশ
পাশে নিয়ে বসে আছি, আমারই—
লাশটাকে তুলতে পারছি না
এতো ক্ষীণ কণ্ঠে ডাকছি, কেউ শুনছে না
কিন্তু কি করবো আমি?
এমন অচল! অশ্লীল
কোন কাজেই আসছি না
এমন কি নিজেরও
মায়ের অভিমান, অভিযোগহীন—
বোন ও ভাইয়ের আশ্রয় হতে না পারার মতো অপদার্থ পলাতক
নিজেকে কিভাবে মুক্তি দেবো পাথুরে অসারতা থেকে?
রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা বুলেট কী করা যায় দান? বৈধ আত্মহত্যার অধিকার দাও! আমাকে বাঁচাও— ব্যর্থতার স্তুপে চাপা পড়ে আছি—
*
লাইফ, দিস ইজ ফাকিং ট্যাবু
(২১কামরাঙিরচর২৪)
৩.
দ্যাশে অনেকগুলো কথা প্রচলিত আছে। একটা বললে আরেকটা চলে আসে। কোনটা রেখে কোনটা বলবো? সবগুলোই গুরুত্বপূর্ণ। তার থেকে কি ভালো না, কোনটাই না বলা?
ইস্যুর পর ইস্যু তারপর হিসু তারপর? তার তারপরে?
মাছের কথা উঠলে নদী নালা, খালবিল চলে আসে। গাছ বললে বনভূমি ও মরুভূমি চলে আসে। নগরের গল্পের মাঝখানে নর্দমার গন্ধ পাওয়া যায়। জন্মের আগে যে মরার বিবর্ণমুখ দেখতে পায় তার গতি কি?
প্রশ্ন আর প্রশ্নের প্রসন্নতা। উত্তর আছে পশ্চিমে! পাখিরা কেন যে দক্ষিণে যায়! তৃণভূমিতে বেঁচে আছে শিকারী। কে যে কার শিকার! সবাই গন্তব্যেরদিকে দিকে ছুটছে। আমি বধির, লুলা স্থিরচিত্র হয়ে ঝুলে আছি ফ্লিমের রিলে। যেনো কেউ কোনদিন ফটোটি তুলেনি এমন। ওহে ফটোগ্রাফার,
৩.১
জুতা ছিঁড়ে গেলে
ঘাড়ে চড়ে হাঁটে
(২১ অগাস্ট ২০২৩)