27/07/2026
বিপ্লবী জুলাই সনদ: ২০২৪ সাল
---মোহাম্মদ এমদাদ হোসেন
বাংলাদেশের ক্যালেন্ডারে জুলাই মাস ছিল ৩৬ দিনের
রচিত হল এক অনবদ্য ইতিহাস
যে ইতিহাস ছিল বৈষম্যের খাঁচা ভেঙে ফেলবার
অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠবার,
জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
আর স্বৈরাচারের পতন ঘটাবার
’দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ’
সে ইতিহাস শিখিয়ে দিল
কাপুরুষের মতো বেঁচে থাকবার জন্য যুবকের জন্ম হয়নি
শোষণকে মেনে নেবার জন্য তরুণদের আগমন ঘটেনি
তুলতুলে বিছানায় আরামে ঘুমাবার জন্য
নারী পুরুষের ধমনি-শিরায় রক্তস্রোত প্রবাহিত হয়নি।
ভোকাল কর্ডের সক্ষমতা দেয়া হয়েছে
চুপ থাকবার জন্য নয়!
বরং আবু সাইদ শিখিয়ে গেল
বুলেটের বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে
বুক পেতে দিয়ে জাতিকে বাঁচাবার পথ
”বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর”
মুগ্ধ শিখিয়ে গেল নিজের কষ্ট দেখার সময় নেই বন্ধু
আগে জাতির তেষ্টা দূর কর; ”পানি লাগবে, পানি”
ইয়ামিন শিখিয়ে গেল সাঁজোয়া যানকে ভয় পেয়ো না
লড়ে যাও শেষ নিঃশ্বাস পর্যন্ত
’বিকল্প কে, আমি, তুমি, আমরা’
আমার বাঘিনী ভগ্নি শিখিয়ে দিল
হায়েনার হাত থেকে ভাইকে ছিনিয়ে আনার সাহসী কৌশল।
শান্ত শিখিয়ে গেল ইঁদুরের মত গর্তের ভেতর নয়
রাজপথের শহীদি মৃত্যুর ভেতরেই লুকিয়ে আছে
স্বদেশ স্বাধীনতা আর মুক্তির চাবিকাঠি,
’জন্মভূমি অথবা মৃত্যু’
আমাদের অগ্রজরা কি থেমে ছিলো, না!
তারা কখনো থেমে থাকেনি, তারা থেমে থাকতে পারেনা
মা-বাবারা দাঁড়িয়ে গেলেন সন্তানের পাশে
স্ত্রীরা দাঁড়িয়ে গেলেন স্বামীর পাশে
শিক্ষক সমাজ গর্জে ওঠলেন ছাত্রসমাজের পাশে
শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে
চিকিৎসকরা দাঁড়ালেন আহত নিহতদের পাশে
রিকসাওয়ালা ভ্যানচালক কূলী মুজুর শ্রমিক
আপামর জনতা দাঁড়িয়ে গেলেন মানুষের পাশে
’মানুষ মানুষের জন্য’
প্রতিবাদে প্রতিরোধে মিছিলে মিছিলে ছেয়ে গেল সারাদেশ
জেগেছে রে জেগেছে,ছাত্রসমাজ জেগেছে।
লেগেছে রে লেগেছে,রক্তে আগুন লেগেছে।
দালালি না রাজপথ রাজপথ রাজপথ
দিল্লী না ঢাকা ঢাকা ঢাকা।
এ যেন এক নতুন বাংলাদেশ! নতুন বিস্ময়।
দীর্ঘ পনেরটি বছরের জুলুমের বিরুদ্ধে
ঐক্যবদ্ধ এক জাতিকে চিনে নিল, সারাবিশ্ব
প্রমানিত হলো ’সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’।
যে বিপ্লব এসেছে রক্ত সাগর মাড়িয়ে
যে মুক্তি এসেছে হাজার হাজার শহীদ আর আহতদের বীরত্বে
যে স্বাধীনতাকে ফিরিয়ে আনতে জীবন দিতে হয়েছে
আমার মায়ের কোলের ছোট্ট সোনামনিকেও!
যে স্বাধীনতা এসেছে দল মত নির্বিশেষে
এক জাতীয় ঐক্যের বিনিময়ে
সে বিপ্লবের কণ্ঠকে রোধ করতে চায়, এ জাতিরই একটি অংশ
যারা ছিল ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর!
স্বাধীন সার্বভৌম ঐক্যকে নষ্ট করতে চায়, লেন্দুপ দর্জির গোষ্ঠী
আমাদের সুদৃঢ় ঐক্যকে নস্যাৎ করতে চায়, হায়েনার দল।
দীর্ঘদিনের আবর্জনা পঁচে যে দুর্গন্ধ ছড়িয়েছে
তার বিষাক্ত গ্যাস এ জাতির রন্ধ্রে রন্ধ্রে
আক্রান্ত হয়ে গেছে জাতির ফুসফুস
এ এক ভয়ানক ক্যান্সার।
জাতিকে সত্যকারের মুক্তি দিতে
আবার গর্জে উঠুক সার্জিসের কণ্ঠ
মুষ্টিবদ্ধ হোক হাসনাতদের দুহাত
নাহিদের দীপ্ত কণ্ঠে ঘোষিত হোক
লাখো শহীদের রক্তে কেনা,দেশটা কারোর বাপের না
কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার
আর তরুণরা পরিচালিত হোক
বীর সেনানী সাদিক কাইমদের পরিচালনায়
প্রতিষ্ঠিত হোক 'জুলাই বিপ্লবের সনদ'
৩৬ জুলাইয়ের পূর্ণ স্বাদ পাওয়ার অপেক্ষায়
স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ;
”চেয়ে দেখ চোখের আগুন, এই ফাগুনেই হবো দ্বিগুণ”