28/07/2026
#বুক_রিভিউ
বইয়ের নাম: আমি এবং কয়েকটি প্রজাপতি
লেখক: হুমায়ূন আহমেদ
প্রজাপতির সৌন্দর্যে আমরা কম-বেশি সবাই মুগ্ধ হই। এই প্রজাপতি যেখানেই বসে সেখানকার সৌন্দর্যই বাড়িয়ে তোলে। কিন্তু কোনো মানুষ যদি সেই সুন্দর প্রজাপতিকে হাতের মুঠোর মধ্যে আবদ্ধ করতে চায় তাহলে প্রজাপতির মৃত্যুর আশঙ্কাই বেশি। কারণ মানুষের হাতের মুষ্ঠির শক্তি সহ্য করার মতো ক্ষমতা প্রজাপতির নেই। কোনো মানুষ যদি একের পর এক এভাবে প্রজাপতি মারতে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? নিশ্চয়ই বলবো সে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ। তেমনই একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষের গল্প বলা হয়েছে হুমায়ূন আহমেদের 'আমি এবং কয়েকটি প্রজাপতি' বইটিতে। আর প্রজাপতি বলতে এখানে বোঝানো হয়েছে সেই মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষটির আশেপাশের কিছু সুস্থ স্বাভাবিক সুন্দর মনের মানুষদের। বইটি পড়ে মনে হয়েছে বইটির নামকরণ সার্থক হয়েছে।
এবার আসা যাক বইটির মূলগল্পে। বইটির মূল গল্প ফখরুদ্দিন চৌধুরী নামের এক যুবককে ঘিরে। ফখরুদ্দিন চৌধুরী উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়ে বেশ বিত্তশালী জীবনযাপন করলেও একাকীত্বে ভুগছে। কারণ তার মা-বাবা মারা গিয়েছে আর আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন। এই একাকীত্ব দূর হয় রুপা নামের এক মেয়ের সাথে তার বিয়ের মাধ্যমে। এই বইটি পড়ার সময় 'রুপা' চরিত্রটির প্রতি পাঠকের মায়া জন্মাতে বাধ্য। রুপা তার চারপাশের সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে আপন করে নেয়। এমনকি তার সংসারবিমুখী স্বামীকেও সে অগাধ ভালোবাসায় জড়িয়ে নেয়ার চেষ্টায় সর্বদাই মগ্ন থাকে। তবে ফখরুদ্দিন চৌধুরী অন্য মানুষদের থেকে আলাদা। মাঝে মধ্যে বানরের সাথে কথোপকথন, সদ্য বিয়ে করা স্ত্রীকে কিছু না বলে মাঝরাতে একাকী বাসার ছাদে গিয়ে শুয়ে থাকা কিংবা গাছের গোড়ায় ব্লাড ব্যাংক থেকে আনা মানুষের রক্ত ঢেলে এক্সপেরিমেন্ট করা এগুলো যে কারো কাছেই অস্বাভাবিক লাগবে। তবে এতোকিছুর পরও রুপার ভালোবাসায় কোনো ছেদ পড়েনা। ফখরুদ্দিন চৌধুরী কি শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছিলো তার স্ত্রী রুপার ভালোবাসা? তার কি সত্যিই কোনো মানসিক অস্বাভাবিকতা আছে? থাকলেও তার মাত্রা কতোটুকু? এতে কি রুপার কোনো ক্ষতি হবে? এসব জানতে হলে আপনাকে পড়তে হবে "আমি এবং কয়েকটি প্রজাপতি" বইটি। এই বইটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে গল্পের মূল চরিত্র ফখরুদ্দিন চৌধুরী নিজেই কথক হয়ে নিজের জীবনের গল্প বলছে এবং গল্পটা বলছে খোদ লেখক হুমায়ূন আহমেদকে। এখন পর্যন্ত হুমায়ূন আহমেদের যে কয়টা বই পড়েছি তাতে এই ধরনের রিপ্রেজেন্টেশন পাইনি। তবে এ বইয়ের গল্পে পাঠকের ভালো লাগার চেয়ে অতৃপ্তি বেশি কাজ করবে। একটু পর পর মনে হবে এমনটা না ঘটলেও পারতো। কিন্তু গল্পের চরিত্রগুলো এমনভাবে সাজানো যে একজন পাঠক গল্পের ঘটনাপ্রবাহের কোনো ঘটনার বিকল্প খুঁজে পাবে না। লেখক হুমায়ূন আহমেদ তার অনবদ্য লেখনীর মাধ্যমে পাঠককে এমনই দ্বিধার মধ্যে ফেলেছেন। হুমায়ূন আহমেদের অনবদ্য ও সৃজনশীল এই সাহিত্যকর্মের মাধ্যমে আপনিও যদি এমন দ্বিধায় বিভোর হতে চান তাহলে সময় করে পড়ে ফেলুন 'আমি এবং কয়েকটি প্রজাপতি' বইটি।
https://rkmri.co/2ANIe0e0lToe/