03/08/2026
#ইসলামিক_হেরিটেজ_অ্যান্ড_কালচারাল_ক্লাবের_কাউন্সিল_অধিবেশন_অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচারাল ক্লাবের ৩য় বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে পরবর্তী সেশনের জন্য ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে মো. রাব্বি সরকার এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. আবুল হাসান মিয়াজী নির্বাচিত হয়েছেন। ক্লাবের সভাপতি ড. ইশতিয়াকুল আলম মামদূদের সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদায়ী কমিটির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল সাদিক। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সদ্য সাবেক ভিপি কাজী রাদ রেদওয়ান।
সভায় ক্লাবের বিগত সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসান মিয়াজী। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সদ্য সাবেক অর্থ সম্পাদক মানসুরা আক্তার মীম। পরে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারার সংশোধনী প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড. ইমতিয়াযুল আলম মাহফুযের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে আগামী সেশনের কার্যনির্বাহী পরিষদে ভিপি ও জিএস ছাড়াও নির্বাচিতরা হলেন— মো. রেদওয়ান মীম (অর্থ সম্পাদক), আরাফাত রহমান (সাংগঠনিক সম্পাদক), মো. ওয়ালিদ হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), আসাদুল্লাহ আল সাদিক (দপ্তর সম্পাদক), সোনিয়া খাতুন (শিক্ষা ও গবেষণা সম্পাদক), মো. শাহরিয়ার রহমান শিমুল (সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক), মো. হাসিবুল হাসান (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), মো. আল-ইমন (ক্রীড়া সম্পাদক), হামযা বিন সাঈদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ইমাম মণ্ডল (সেবা ও কল্যাণ সম্পাদক), কাজী রাদ রেদওয়ান (নির্বাহী সদস্য) এবং মো. রশিদ আবিদ (নির্বাহী সদস্য)।
কাউন্সিল অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নির্বাচন কমিশনার ড. আবু সাঈদ মো নুরুল ইসলাম, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, পিইউবি এবং নির্বাচন কমিশনার জনাব সাব্বির হাসান, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, পিইউবি। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের পরামর্শক পরিষদের সদস্য এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব শহীদুল্লাহ ও আয়শা সিদ্দীকা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি ড. ইশতিয়াকুল আলম মামদূদ। তিনি সফলভাবে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।